শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন তিন সরকারি মেডিকেল কলেজে ১৫০ আসনে ভর্তির সুযোগ নভেম্বরের ২৫ দিনেই রেমিট্যান্স এলো ২৫৭ কোটি ডলার প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই মোরেলগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে জিউধরায় বিএনপির বিক্ষোভ নান্দাইলে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ​নান্দাইলে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মহড়া ও অবস্থান কর্মসূচি প্রাণিসম্পদ খাতকে রফতানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী নান্দাইলে ইউসিসিএ ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ৭ প্রার্থী বৈধ ঘোষিত আমতলীতে মালামাল চুরির ঘটনায় হতাশা, প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

নতুন তিন সরকারি মেডিকেল কলেজে ১৫০ আসনে ভর্তির সুযোগ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

শিক্ষাবর্ষেই শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশের নতুন তিনটি সরকারি মেডিকেল কলেজ। এগুলো হলো রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ, নরসিংদী মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজ। প্রতিটি কলেজে প্রাথমিকভাবে ৫০ জন করে মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ হামিদুল ইসলাম স্বাক্ষরিত ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির হালনাগাদ আসনসংক্রান্ত চূড়ান্ত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

গত ২২ নভেম্বর সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সরকারি কর্মচারী মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ১৬ নভেম্বর অনুষ্ঠিত ভর্তি নীতিমালা হালনাগাদবিষয়ক সভায় নরসিংদী ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়। এ দুটি কলেজে ৫০টি করে মোট ১০০টি আসন নির্ধারণ করা হয়েছে।

রাজধানীর ফুলবাড়িয়ায় ৫০০ শয্যাবিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হচ্ছে সরকারি কর্মচারী মেডিকেল কলেজ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কলেজটি প্রতিষ্ঠার সরকারি অনুমোদন দেওয়া হয়েছে।

গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেওয়া হয়।

প্রাথমিক পর্যায়ে ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতাল প্রাঙ্গণেই কলেজটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য হাসপাতাল ভবনের দুটি তলা শিক্ষা কার্যক্রমের উপযোগী করে প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় কলেজটির স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হবে।

সরকারি কর্মচারী হাসপাতাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এখানে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসাসেবা পান। ৫০০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন তিন হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। হাসপাতালটিকে কেন্দ্র করে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে বিদ্যমান চিকিৎসা অবকাঠামোকে চিকিৎসাশিক্ষার কাজে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

এদিকে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজগুলোর আসন পুনর্নির্ধারণের অংশ হিসেবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আসনসংখ্যা ২০০ থেকে বাড়িয়ে ২২০ করা হয়েছে। গত ৫ নভেম্বর কলেজটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ২০টি আসন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এ ছাড়া দেশের ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে ১৬টির আসনসংখ্যা পুনর্নির্ধারণ করা হয়েছে। দুটি কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের তথ্য অনুযায়ী, দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজের সংখ্যা ১০৮টি। এর মধ্যে সরকারি ৪০টি এবং বেসরকারি ৬৮টি। এ ছাড়া আর্মড ফোর্সেস, আর্মি ও নেভি পরিচালিত মেডিকেল কলেজ রয়েছে সাতটি।

গত ২৫ নভেম্বর আসন পুনর্বিন্যাসের তালিকা পর্যালোচনায় দেখা গেছে, নতুন তিনটিসহ দেশের ৪০টি সরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা ৫ হাজার ২৭০টি। অন্যদিকে, ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ২১টি।

এ ছাড়া দেশের নয়টি সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি এবং ২৫টি বেসরকারি ডেন্টাল কলেজে ১ হাজার ৩৬০টি আসন রয়েছে।

অন্যদিকে, সেনাবাহিনী পরিচালিত পাঁচটি মেডিকেল কলেজ বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুরে আগে ৫০টি করে মোট ২৫০টি আসন ছিল। এ বছর বগুড়া ও কুমিল্লা মেডিকেল কলেজে ১০টি করে আসন বাড়ানো হয়েছে। ফলে পাঁচটি আর্মি মেডিকেল কলেজে মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২৭০টি। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ১২৫টি এবং চট্টগ্রামে নৌবাহিনী পরিচালিত মেডিকেল কলেজে ৫০টি আসন রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..