তাড়াইল উপজেলার ধলা বাগপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও গরুর গোয়ালঘর পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী মোঃ ফজলুর রহমান ও হবি মিয়া।
রবিবার (১মার্চ) সকাল ১০টায় সরেজমিনে গিয়ে জানা যায়, হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা বসতঘর ও গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার এবং গবাদিপশু পুড়ে যায়। এতে পরিবার দুটি নিঃস্ব হয়ে পড়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল গনি ভূইয়া, ৩নং ধলা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল খান, সাবেক সভাপতি মাফিজ উদ্দিন মাফিজ, ৩নং ধলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, ৩নং ধলা ইউনিয়ন ওলামা দলের সভাপতি আকরাম হোসেন এবং ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম।
নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার আহ্বান জানান। তারা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।