গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ, যা নতুন বছরের আগমনকে আনন্দঘন করে তোলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ। প্রধান অতিথি হিসেবে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চুর উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তবে তার পক্ষ থেকে তার সহধর্মিণী শারমিন আক্তার অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং নববর্ষ উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।
এ বছর বাংলা নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য ছিল— “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের আমন্ত্রণে বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি কাভার করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাংলা সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরেন। লোকসংগীত ও ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।
বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।