বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর বাজার এলাকায় রাস্তার পাশে ভ্যান দাঁড়ানোকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে এক ব্যবসায়ীর উত্তেজনার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌর বাজার এলাকায় রাস্তার পাশে ভ্যান ও অন্যান্য যানবাহন দাঁড়ানো নিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স শাহিন ট্রেডার্স-এর স্বত্বাধিকারী এস এম শামসুল ইসলাম শাহিনের সঙ্গে ভ্যানচালক ও শ্রমিকদের বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৮ মে) সকালে শাহিনের দোকানের সামনে একটি ভ্যান দাঁড়ানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের সামনে ভ্যান স্টপেজ করা নিয়ে এর আগেও একাধিকবার চালকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে। বৃহস্পতিবারও একই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক বাড়তে থাকলে স্থানীয় কয়েকজন শ্রমিক ঘটনাস্থলে জড়ো হন। এতে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন। তিনি উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধারণ ও আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে সড়কের পাশে যানবাহন দাঁড়ানো ও বাজার এলাকায় চলাচল ব্যবস্থাপনায় স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে এস এম শামসুল ইসলাম শাহিনের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি।