ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম নজরুল জন্মজয়ন্তীর জাতীয় আয়োজন উপলক্ষে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ত্রিশাল উপজেলা কার্যালয়ের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।
সভায় জানানো হয়, আসন্ন পাঁচ দিনব্যাপী ১২৭তম নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন, জেলা পরিষদসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহ সমন্বিতভাবে কাজ করছে। ইতোমধ্যে অনুষ্ঠান আয়োজনের বেশ কিছু কাজ সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে, যা অল্প সময়ের মধ্যেই শেষ হবে বলে জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন, জাতীয় কবি নজরুল ইসলামকে আমরা ধারণ ও লালন করি। তাই এবারের নজরুল জন্মজয়ন্তী আয়োজনকে ভিন্নমাত্রায় ও নান্দনিকভাবে উপস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, এ আয়োজন জাতীয়ভাবে উদযাপন করা হবে। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সংস্কৃতি মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে এবং দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান বলেন, দীর্ঘদিন পর ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে। সবকিছু ঠিক থাকলে এবার ত্রিশালে স্মরণকালের সবচেয়ে জমকালো ও উৎসবমুখর নজরুল জয়ন্তী উদযাপিত হবে।
ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ বলেন, আগামী প্রজন্মকে আমাদের সংস্কৃতির ঐতিহ্য ও ইতিহাস জানানোর জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঁচ দিনব্যাপী আয়োজনে নজরুলের গান, সাহিত্য, কবিতা ও নাটক পরিবেশিত হবে, যা নজরুলচর্চাকে আরও সমৃদ্ধ করবে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বলেন, দীর্ঘদিন পর ত্রিশালে এত বৃহৎ পরিসরে জাতীয় অনুষ্ঠান আয়োজনকে ঘিরে ময়মনসিংহ বিভাগজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। নজরুল জন্মজয়ন্তী আয়োজনের মাধ্যমে এ বিভাগের অন্যান্য জেলা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পার্শ্ববর্তী জেলার সংস্কৃতি তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আসন্ন নজরুল জন্মজয়ন্তী উৎসব সফলভাবে সম্পন্ন করতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহ একসঙ্গে কাজ করছে। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে ঐতিহ্যবাহী নজরুল মেলা, স্মারক আলোচনা সভা এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা।