শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জে তরুণীকে তুলে নেওয়ার চেষ্টায় চার যুবককে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৭৮৪ বার পঠিত
প্রতিকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের নোমরহাট এলাকায় এক তরুণীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে চার যুবককে স্থানীয় জনতা আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত আনুমানিক ৮টার দিকে নোমরহাট বাজার এলাকায় দুটি মোটরসাইকেলে করে চার যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছে একটি ধারালো চাকু পাওয়া গেছে বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।

আটক ব্যক্তিদের মধ্যে পিরোজপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাব্বির সানির ছোট ভাই মো. সানজিদ, সিয়ামসহ আরও দুইজন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা হোগলাবুনিয়া ইউনিয়নের এক তরুণী (ছদ্মনাম মিম)-কে তুলে নেওয়ার উদ্দেশ্যে ওই এলাকায় এসেছিলেন। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয়রা তরুণীসহ সংশ্লিষ্ট যুবকদের আটকে রাখেন।

এ সময় স্থানীয় যুব জামায়াতের কয়েকজন নেতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেন বলে জানা গেছে। পরে তাদের আশ্বাসের ভিত্তিতে তরুণীকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয় এবং আটক চার যুবককে ছেড়ে দেওয়া হয়।

তবে ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় যুবক মেহেদী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি অবহিত করেন। ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, পুলিশ যাওয়ার পথে স্থানীয় কয়েকজন জামায়াত নেতা ফোন করে বিষয়টি পারিবারিক ও স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দেন। এরপর পুলিশ সরাসরি ঘটনাস্থলে না গিয়ে ফোনের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, একজন তরুণীকে তুলে নেওয়ার মতো গুরুতর অভিযোগের ঘটনায় আটক ব্যক্তিদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে না দিয়ে ছেড়ে দেওয়ার বিষয়টি রহস্যজনক। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..