২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে বাগেরহাটের মোরেলগঞ্জের গর্ব হয়ে উঠেছে সরকারি সিরাজউদ্দীন মেমোরিয়াল (এসএম) কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. মনিরুল ইসলামের একমাত্র কন্যা আশফাহ ইসলাম। আশফাহর কৃতিত্বে গর্বিত মোরেলগঞ্জ। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক, শিক্ষার্থী, আত্মীয়-স্বজন এবং মোরেলগঞ্জবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
সম্প্রতি প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে আশফাহ ইসলাম ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের গৌরব লাভ করে। মেধা, অধ্যবসায়, নিয়মিত অধ্যয়ন এবং পরিবারের সঠিক দিকনির্দেশনার সমন্বয়ে অর্জিত এ সাফল্য তার উজ্জ্বল ভবিষ্যতেরই প্রতিফলন বলে মনে করছেন শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।
আশফাহর বাবা মো. মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি সিরাজউদ্দীন মেমোরিয়াল (এসএম) কলেজে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষা বিস্তারে তাঁর অবদানের পাশাপাশি কন্যার এই কৃতিত্ব কলেজ পরিবার এবং সমগ্র মোরেলগঞ্জবাসীর জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
ফলাফল প্রকাশের পর থেকেই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা আশফাহকে অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার এই অর্জনকে স্বাগত জানিয়ে অসংখ্য শুভেচ্ছাবার্তা প্রকাশিত হয়েছে।
শিক্ষাবিদদের মতে, ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের মতো সাফল্য শুধু একজন শিক্ষার্থীর ব্যক্তিগত অর্জন নয়; এটি অন্য শিক্ষার্থীদেরও মেধা বিকাশ, অধ্যবসায় ও শিক্ষার প্রতি আরও মনোযোগী হতে উৎসাহিত করে। আশফাহ ইসলামের এই কৃতিত্ব প্রমাণ করে, আন্তরিক প্রচেষ্টা, কঠোর পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনা থাকলে সাফল্য অর্জন সম্ভব।
আশফাহর পরিবারের পক্ষ থেকে তার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। মোরেলগঞ্জবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও সে তার মেধা, যোগ্যতা ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।