জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, কবিতা ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) নান্দাইল উপজেলা পর্যায়ে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, অভিভাবক ও সংশ্লিষ্টরা।
প্রতিযোগিতাকে ঘিরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান ও সাহিত্যকর্মের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা তুলে ধরে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা, ভালোবাসা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্যকর্মে অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শক্ত অবস্থানের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসা ও মানবিকতার শিক্ষা রয়েছে। তাই শিক্ষার্থীদের মধ্যে নজরুলের জীবন ও কর্মের চর্চা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় কবির সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব।
তিনি বলেন, নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক দর্শন আমাদের সমাজকে আরও সুন্দর ও সম্প্রীতিময় করে গড়ে তুলতে অনুপ্রেরণা জোগায়। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান । নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভার প্রশংসা করেন। তারা বলেন, একটি জাতির সমৃদ্ধির জন্য শিক্ষা ও সংস্কৃতির সমন্বয় অত্যন্ত জরুরি। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিযোগিতার বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হবে এবং মেধা ও প্রতিভার ভিত্তিতে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে নান্দাইলের শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শনের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং তাঁর সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়বে।