শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
‎বাড্ডা থানার এসআই হানিফের বিরুদ্ধে গভীর রাতে যুবতী নারীর বাসায় অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুণ্ঠনের অভিযোগ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরুর অনুমোদন প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি ছেলে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে বিভিন্ন তথ্য জানালেন বাবা যাত্রী নিরাপত্তায় মেট্রোরেলে বসছে মেটাল ডিটেক্টর-স্ক্যানার জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী টোকিওতে হাসপাতাল-জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান অশ্রু সিক্ত নয়নে বিদায় নিলেন প্রধান শিক্ষক সাহিদা ইয়াসমিন

অবহেলিত রাজগাতী ইউনিয়নকে আংশিক নয়, পুরোপুরি সহযোগিতা করব: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

মাহবুবুর রহমান বাবুল নান্দাইল থেকে :
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৯৮ বার পঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৬ নম্বর রাজগাতী ইউনিয়নের ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, “অবহেলিত রাজগাতী ইউনিয়নকে আংশিক নয়, পুরোপুরি সহযোগিতা করব।”

তিনি বলেন, রাজগাতী ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও সমস্যাগুলোকে গুরুত্বের সঙ্গে দেখা হবে। ইউনিয়নের উন্নয়ন, মানুষের জীবনমানের পরিবর্তন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করা হবে। শুধু কোনো একটি অংশ নয়, রাজগাতী ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি আরও বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের অধিকার ও কল্যাণের রাজনীতি। তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণশক্তি। তাই দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের আস্থা অর্জন করতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং জনগণের সমস্যা মনোযোগ দিয়ে শুনে তা সমাধানের জন্য যথাযথ উদ্যোগ নিতে হবে।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক পল্লব রায় ও নাজমুল হাসান ভূঁইয়া।

৬ নম্বর রাজগাতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আতাউর রহমান বুলবুলের সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন ৬ নম্বর রাজগাতী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. ইমরান হাসান খোকা।

এ সময় ৬ নম্বর রাজগাতী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খানসহ ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা রাজগাতী ইউনিয়নের তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলনকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মী-সমর্থকদের উপস্থিতিতে সম্মেলনস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সম্মেলনে তৃণমূল নেতাকর্মীরা রাজগাতী ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রধান অতিথি এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইউনিয়নের মানুষের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।এর পুর্বে মন্ত্রী দীর্ঘ দিনের সমস্যা সমাধানের লক্ষ্য কালিগঞ্জ বাজার নরসুন্দা নদীর উপর ( ৯৬ মিটার) দৈর্ঘ্যের পিএসসি গার্ডার ব্রীজ এপ্রোচ সড়কের ভিত্তি প্রস্তুর উদ্ভোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..