বরগুনার বেতাগীতে পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূ এবং এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ ই সেপ্টেম্বর) দুপুরের দিকে চালের পোকা নিধনের গ্যাসের ট্যাবলেট খেয়ে শিরিনা বেগম (৪৪) নামের এক গৃহবধূ ‘আত্মহত্যা’ করেন এবং রাতে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরের দিকে উপজেলার মোকামিয়া ইউনিয়নের কাইয়ালঘাটা গ্রামের স্বামীর বসতঘরে চালের পোকা নিধনের গ্যাসের ট্যাবলেট সেবন করেন শিরিনা বেগম। বমি করার পর তাকে প্রথমে পার্শ্ববর্তী মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে বরিশাল নেওয়ার পথে সুবিদখালী এলাকায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। তিনি ওই গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, একই দিন রাত ৯টার দিকে উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের চান্দখালী বাজারের পোস্ট অফিসের পেছনে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রাজু। তিনি চান্দখালী এলাকার মৃত রাজ্জাক ফরাজীর ছেলে। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নিহার রঞ্জন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার দুটি মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।