মানিকগঞ্জের হরিরামপুরে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে তিনটি সড়ক পাকাকরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এসব উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান (শান্ত)।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমডিআইআরডিপি) প্রকল্পের আওতায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে সড়ক তিনটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
উন্নয়নকাজের আওতায় থাকা সড়কগুলো হলো, আরুয়া ইউপি (বাল্লা বাজার)-কাঞ্চনপুর ইউপি সড়ক, কাঞ্চনপুর ইউপি-মোহাম্মদপুর (হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়) সড়ক এবং গোপীনাথপুর উত্তরপাড়া-বাহাদুরপুর সড়ক।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মঈনুল ইসলাম খান (শান্ত)।
এ সময় হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বীসরাত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. শাহীনুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।