প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন শ্যামল নিসর্গ। গত শনিবার (৩১ অক্টোবর) খাগড়াছড়ির মাটিরাঙায় অনুষ্ঠিত ‘বন ও প্রাণের উৎসব-২০২৬’-এ সংগঠনটিকে ‘পিটাছড়া পরিবেশ সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়।
পিটাছড়া ফরেস্ট ও বায়োডাইভার্সিটি কনজার্ভেশন ইনিশিয়েটিভ আয়োজিত এ উৎসবে পরিবেশ সংরক্ষণে অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা দেওয়া হয়। এতে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিভাগে সম্মাননা অর্জন করে হরিরামপুর শ্যামল নিসর্গ। সংগঠনের পক্ষে সম্মাননা গ্রহণ করেন সংগঠনটির কর্মী প্রবাস হালদার।
২০২১ সালে প্রতিষ্ঠিত হয় পরিবেশবাদী এই সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জ্য অপসারণ এবং পরিবেশবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। সংগঠনটির কার্যক্রমে যুক্ত রয়েছেন বিভিন্ন বয়স ও পেশার মানুষ। স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের কার্যক্রম এগিয়ে চলছে।
প্রতিষ্ঠার পর থেকে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় প্রায় ৬০ হাজার গাছ লাগিয়েছে শ্যামল নিসর্গ। এসব গাছের মধ্যে রয়েছে জাম, আম, নিম, হিজল, আমড়া, তাল, জারুল, পলাশ, সোনালু, কৃষ্ণচূড়া, বট, পাকুড় ও শিউলিসহ বিভিন্ন দেশীয় প্রজাতি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশ, খেলার মাঠ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আঙিনা ও নদীতীরে এসব গাছ লাগানো হয়েছে।
বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশদূষণ রোধেও কাজ করছে সংগঠনটি। বিভিন্ন সড়ক, খেলার মাঠ ও নদীতীর থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছেন স্বেচ্ছাসেবীরা। পাশাপাশি পরিবেশবিষয়ক প্রকাশনা ‘নিসর্গ পত্র’-এর মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির উদ্যোগও রয়েছে সংগঠনটির।
হরিরামপুর শ্যামল নিসর্গের সভাপতি মো. ওয়াহিদুর রহমান বলেন, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। এটি সংগঠনের সব নিসর্গকর্মী, শুভানুধ্যায়ী এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। এ স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণে আমাদের কার্যক্রম আরও গতিশীল করতে এ সম্মাননা অনুপ্রেরণা জোগাবে।
তিনি আরও বলেন, বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি, অসচেতনতা ও ভ্রান্ত উন্নয়ননীতির কারণে পরিবেশের বিভিন্ন উপাদান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় কাজ করা সংগঠন ও কর্মীদের স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, এ সম্মাননা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে ইতিবাচক ভূমিকা রাখবে। সব প্রাণের সুরক্ষায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।