ময়মনসিংহের নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পুনর্বাসনের অংশ হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১২টায় নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক আড়ম্বরপূর্ণ ও সুশৃঙ্খল অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং ১৫৪ ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের স্থানীয় সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী, এমপি।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সদস্য সচিব মো এনামুল কাদির সিনিয়র যুগ্ম আহবায়ক মো মিজানুর রহমান লিটন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর বক্তারা সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ-দুর্দশার কথা তুলে ধরে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি বলেন, “বর্তমান সরকার জনগণের সরকার। দেশের যেকোনো প্রান্তে প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষ যেন অসহায় বোধ না করে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং তাদের জীবনযাত্রাকে স্বাভাবিক করতে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, “দুর্যোগ মোকাবেলায় নান্দাইল উপজেলা প্রশাসন সবসময় সতর্ক ও প্রস্তুত রয়েছে। আজ প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করেই এই ঢেউটিন বিতরণ করা হয়েছে, যা তাদের গৃহ নির্মাণ ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্যভ অতিথিবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন এবং সরকারি সহায়তার অনুদান তুলে দেন। সহায়তা পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই দুর্দিনে ঢেউটিন পাওয়ায় তাদের মাথার ওপর ছাদ নির্মাণের বড় একটি চিন্তা দূর হলো।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্তদের মাঝে মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।