ঝালকাঠির কাঠালিয়ায় নির্মাণকাজে ব্যবহৃত ট্রলির ধাক্কায় সরজিত ডাকুয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার ৬ নম্বর আওরাবুনিয়া ইউনিয়নের সাতানি-মুনসীরাবাদ সড়কের বাইতুল কারিম জামে মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সরজিত ডাকুয়া উপজেলার ৬ নম্বর আওরাবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী হিস্যা (মধ্য আওরাবুনিয়া) গ্রামের মৃত দেবেন্দ্রনাথ ডাকুয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই সড়কে চলাচলের সময় নির্মাণকাজে ব্যবহৃত একটি দ্রুতগামী ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত অ্যাম্বুলেন্সেযোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘাতক ট্রলিটি ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।