২০০৭ সালের ১৫ নভেম্বর। রাত যত গভীর হচ্ছিল, ততই বাড়ছিল ঝড়ের তাণ্ডব। চারদিকে প্রচণ্ড বাতাসের গর্জন, আকাশজুড়ে অন্ধকার আর নদী-সমুদ্রের উত্তাল ঢেউ। মুহূর্তেই প্রকৃতির ভয়াল রূপ ধারণ করে ঘূর্ণিঝড় সিডর। রাতের আঁধারে লণ্ডভণ্ড হয়ে যায় দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। ভেসে যায় ঘরবাড়ি, ফসলি জমি, গবাদিপশু ও মানুষের স্বপ্ন। স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে ওঠে বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলাসহ উপকূলীয় জনপদ।
সেই ভয়াল রাতের ১৯ বছর পূর্ণ হচ্ছে আজ। সময়ের ব্যবধানে অনেক কিছু বদলেছে। ভাঙা ঘরের জায়গায় উঠেছে নতুন ঘর, তৈরি হয়েছে সড়ক, নির্মিত হয়েছে আশ্রয়কেন্দ্র ও বেড়িবাঁধ। কিন্তু উপকূলবাসীর জীবন থেকে দুর্যোগের শঙ্কা পুরোপুরি দূর হয়নি। বিশেষ করে মোরেলগঞ্জের বলেশ্বর ও পানগুছি নদীতীরবর্তী মানুষের কাছে সিডর এখনো কেবল অতীতের স্মৃতি নয়, বরং নতুন করে ফিরে আসা এক আতঙ্কের নাম।
১৯ বছর আগে সিডরের আঘাতে মোরেলগঞ্জ-শরণখোলা এলাকায় প্রাণহানি, বসতবাড়ি ধ্বংস এবং সম্পদহানির যে ক্ষত তৈরি হয়েছিল, তার অনেকটাই এখনো মানুষের জীবন ও জীবিকায় রয়ে গেছে। যাঁরা স্বজন হারিয়েছেন, তাঁদের কাছে ১৫ নভেম্বর এখনো শোকের দিন। আর যাঁরা নদীর তীরে বসবাস করেন, তাঁদের কাছে প্রতিটি অস্বাভাবিক জোয়ার ও নদীর ভাঙন নতুন করে ভয় জাগায়।২০০৭ সালের ১৫ নভেম্বর সন্ধ্যার পর থেকেই উপকূলীয় এলাকায় বাড়তে থাকে ঝড়ের প্রভাব। রাতের দিকে ভয়াবহ রূপ নেয় সিডর। ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার গতির ঝোড়ো হাওয়া এবং প্রবল জলোচ্ছ্বাস উপকূলীয় জনপদকে মুহূর্তেই বিপর্যস্ত করে তোলে। কোথাও গাছের নিচে চাপা পড়ে মানুষ, কোথাও ঘরবাড়ি ভেঙে প্রাণ হারান পরিবারের সদস্যরা। নদী ও সাগরে মাছ ধরতে যাওয়া বহু জেলে আর ফিরে আসেননি।
বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা ছিল সিডরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম। বিশেষ করে শরণখোলার সাউথখালী ইউনিয়নে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলে। মোরেলগঞ্জের নদীতীরবর্তী এলাকাগুলোতেও জলোচ্ছ্বাসের পানি ঢুকে বাড়িঘর, ফসলি জমি ও পুকুরের ব্যাপক ক্ষতি করে।
সেদিনের পর অনেক পরিবার নতুন করে জীবন শুরু করার চেষ্টা করেছে। কেউ দিনমজুরি করে, কেউ কৃষিকাজে, কেউ মাছ ধরে সংসারের হাল ধরেছেন। কিন্তু যাঁরা একসঙ্গে হারিয়েছেন স্বজন, বসতভিটা ও জীবিকার অবলম্বন, তাঁদের অনেকের কাছে ঘুরে দাঁড়ানো এখনো অসমাপ্ত এক সংগ্রাম।সিডরের পর উপকূলবাসীর সবচেয়ে বড় দাবি ছিল টেকসই ও উঁচু বেড়িবাঁধ। তাঁদের স্লোগান ছিল—‘আমরা ত্রাণ চাই না, টেকসই বেড়িবাঁধ চাই।’ দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর ২০১৬ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারে বাঁধ উন্নয়নের কাজ শুরু হয়। বলেশ্বর নদের তীররক্ষাসহ মোট ৬২ কিলোমিটার বাঁধের কাজ ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হয়।
কিন্তু কাজ শেষ হওয়ার পরও বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন, সিসি ব্লক ধসে পড়া ও ঝুঁকি তৈরি হওয়ার অভিযোগ ওঠে। বিশেষ করে বলেশ্বর নদের তীরবর্তী বগী থেকে মোরেলগঞ্জের সন্ন্যাসী ও ফাসিয়াতলা পর্যন্ত বিভিন্ন স্থানে নদীভাঙন নিয়ে স্থানীয়দের উদ্বেগ রয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, নদীশাসন ও কার্যকর তীররক্ষা ব্যবস্থা ছাড়া শুধু বাঁধ উঁচু করলেই স্থায়ী নিরাপত্তা নিশ্চিত হবে না। নদীর স্রোত ও ভাঙনের তীব্রতা বিবেচনায় নিয়ে পরিকল্পিত প্রতিরক্ষা ব্যবস্থা না করলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত অবকাঠামোও ঝুঁকির মুখে পড়তে পারে।
গত ১৯ বছরে মোরেলগঞ্জে যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন অবকাঠামোতে উন্নয়ন ঘটেছে। দুর্যোগ মোকাবিলায় মানুষের সচেতনতাও আগের তুলনায় বেড়েছে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস প্রচার, স্বেচ্ছাসেবকদের তৎপরতা এবং আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে।
তারপরও দুর্যোগের পূর্বাভাস পেলেই উপকূলের মানুষের মনে প্রশ্ন জাগে—কোথায় আশ্রয় নেবেন, কীভাবে গবাদিপশু রক্ষা করবেন, ঘরের মালামাল কোথায় রাখবেন? বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে আশ্রয়কেন্দ্রে নেওয়া এখনো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
আশ্রয়কেন্দ্রের পর্যাপ্ততা, যাতায়াতের উপযোগী সড়ক, নিরাপদ পানির ব্যবস্থা এবং গবাদিপশুর জন্য আলাদা আশ্রয়ের বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
মোরেলগঞ্জের মানুষের একটি বড় অংশ কৃষি, মৎস্য আহরণ ও সুন্দরবনকেন্দ্রিক পেশার ওপর নির্ভরশীল। কিন্তু নদীভাঙন, লবণাক্ততা, অনিয়মিত বৃষ্টিপাত, জলাবদ্ধতা এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে এসব জীবিকা প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়ছে।
নদীভাঙনে জমি হারিয়ে অনেক পরিবার নিঃস্ব হচ্ছে। কোথাও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোথাও বসতভিটা হারিয়ে মানুষ অন্যত্র আশ্রয় নিচ্ছে। সুপেয় পানির সংকটও উপকূলীয় জনজীবনের অন্যতম সমস্যা। ফলে শুধু দুর্যোগের সময় নয়, স্বাভাবিক সময়েও নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে মানুষকে।
দুর্যোগের পর ত্রাণ বিতরণ কিংবা সাময়িক পুনর্বাসনই যথেষ্ট নয়। প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বিকল্প কর্মসংস্থান, কৃষিতে জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কার্যকর সামাজিক নিরাপত্তা।
সিডরের ১৯ বছর পর উপকূলবাসীর প্রত্যাশা খুব বেশি নয়। তাঁরা চান নিরাপদে বসবাসের নিশ্চয়তা, নদীভাঙন থেকে বসতভিটা ও ফসলি জমির সুরক্ষা এবং দুর্যোগের সময় পর্যাপ্ত আশ্রয়ের ব্যবস্থা।
এ জন্য বলেশ্বর ও পানগুছি নদীর ভাঙনপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে বৈজ্ঞানিক সমীক্ষার ভিত্তিতে স্থায়ী নদীতীর সংরক্ষণ, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার, নিখোঁজ জেলেদের স্বজন এবং নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষের জন্য কার্যকর সামাজিক সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে।
২০০৭ সালের ১৫ নভেম্বরের সেই ভয়াল রাত উপকূলবাসীকে শিখিয়েছে, প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে হলে প্রস্তুতি ও নিরাপত্তার বিকল্প নেই। কিন্তু ১৯ বছর পরও যদি মানুষকে বাঁধ ভাঙার আতঙ্কে রাত কাটাতে হয়, তবে সেই উন্নয়নের পূর্ণতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
সিডরের ক্ষত হয়তো সময়ের সঙ্গে কিছুটা মলিন হয়েছে, কিন্তু উপকূলবাসীর বুকের ভেতর থেকে হারিয়ে যায়নি সেই ভয়। তাঁদের কাছে ১৫ নভেম্বর শুধু একটি তারিখ নয়; এটি স্বজন হারানোর বেদনা, নিঃস্ব হওয়ার স্মৃতি এবং নিরাপদ জীবনের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতীক।
উপকূলবাসীর প্রত্যাশা, আর কোনো সিডর নয়, আর কোনো স্বজনহারা পরিবার নয়। আগামী প্রজন্ম যেন নদীভাঙন ও ঘূর্ণিঝড়ের আতঙ্ক নয়, বরং নিরাপদ ও টেকসই উপকূলে বেড়ে ওঠার সুযোগ পায়।