স্বর্ণদ্বীপে যৌথ সশস্ত্র বাহিনীর মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি নিজেই একটি সামরিক যান চালান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী নিজেই সাঁজোয়া যানের চালকের আসনে বসে গাড়ি চালান। এ কথা জানিয়েছেন উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
জাহিদুল ইসলাম রনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত ৮ কিলোমিটার এটিভি ভিহিকল মডেল (বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান) এর সেনা যান চালিয়ে আসেন। এ সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সেনা বাহিনী প্রধানজেনারেল ওয়াকার উজ জামান।
উপ প্রেস সচিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ৮ কিলোমিটার পথ অতিক্রম করার সময়ে দুই পাশে তিন বাহিনী বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষন করেন।
প্রধানমন্ত্রী ৮ কিলোমিটার পথ অতিক্রম করার সময় এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যাওয়ার পথে ধানখেতের পাশ দিয়ে কাদামাটির পিচ্ছিল পথ পাড়ি দেন। এসময় আঁকাবাঁকা পথে সামরিক যানটি ধীরে ধীরে চলতে দেখা যায়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারে ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপে আসেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মেজবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।
উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেছেন। তিনি তিন বাহিনীর মহড়াস্থল ঘুরে দেখছেন।
সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত এ অনুশীলন মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ড্রাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বাংলাদেশ বিমান বাহিনী বিশেষায়িত ইউনিট ‘৫০১ এয়ার রেজিমেন্ট’ অংশ নিচ্ছে।