বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন হিরুর উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ২৪নং আঠারোগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষ বক্তব্য দেন। এ সময় তাঁরা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
সভায় চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন হিরু বলেন, ‘আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি একা চেয়ারম্যান হব না, আপনারাই হবেন চেয়ারম্যান। আপনাদের সঙ্গে নিয়েই এলাকার উন্নয়ন করতে চাই। আমি নিতে আসিনি, দিতে এসেছি।
তিনি আরও বলেন, আমি কখনো সন্ত্রাস, নৈরাজ্য কিংবা সহিংসতার সঙ্গে জড়িত ছিলাম না। চেয়ারম্যান নির্বাচিত হলে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আঠারোগাছিয়া ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব ও মাদকমুক্ত করতে কাজ করব। ইউনিয়নে সুশাসন, ন্যায়বিচার ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে।
তিনি প্রতিটি ওয়ার্ডে ইসলামি শিক্ষার প্রসার ও শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে হিরু বলেন, আপনারা যদি আমাকে চান, তাহলে আমি নির্বাচন করব। আর আপনারা যদি না চান, তাহলে আমি নির্বাচন করব না।
মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান প্রার্থী। এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার উন্নয়ন, জনসেবা ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।
সভায় উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীরা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোশাররফ হোসেন হিরুকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে আঠারোগাছিয়া ইউনিয়নের প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।