ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের উদ্যোগে এবং বরিশালের গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকার নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ চক্ষু পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যারা আর্থিক সংকটের কারণে নিয়মিত চক্ষু চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য এ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
এদিকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা। তারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানান।