কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (icddr,b) এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যৌথ উদ্যোগে, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
বুধবার (২৪ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৪নং জাওয়ার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন বিভাগে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়া পুরুষ ও মহিলা নার্স এবং দক্ষ টেকনিশিয়ানদের মাধ্যমে পৃথকভাবে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি নারীদের জরায়ুমুখ ক্যান্সার শনাক্তকরণের লক্ষ্যে ৩০ জন মহিলার VIA (Visual Inspection with Acetic Acid) টেস্ট করা হয়।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের স্বাস্থ্যসেবা উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, গ্রামীণ এলাকার নারী ও কিশোরীদের জন্য বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন অব্যাহত রাখার দাবি জানান তারা।
আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের মাধ্যমে সুস্থ সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও দেশের বিভিন্ন এলাকায় অনুরূপ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।