বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও মাদক সংশ্লিষ্ট ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দিনগত রাত থেকে মঙ্গলবার (১১ আগস্ট) পর্যন্ত মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা-পুলিশ। অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের পাশাপাশি কয়েকজন মাদক ব্যবসায়ীও গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—মো. মাসুদুর রহমান মিঠু (৫২), মো. আবু তাহের তালুকদার (৪৭), মো. শফিকুর রহমান, মো. ইউনুস মোল্লা, জাকির খান, ছিদ্দিক খান, মো. আজমল শেখ (৩২), রাহাত (২৪), মো. নবীন হাওলাদার (৩৬) ও ইব্রাহীম বেপারী (৪২)। এদের মধ্যে জাকির খান ও ছিদ্দিক খান দক্ষিণ জোকা এলাকার বাসিন্দা। নবীন হাওলাদার উত্তর সরালিয়া এলাকার এবং ইব্রাহীম বেপারী মোকলেছ বেপারীর ছেলে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও সন্ত্রাস নির্মূলে উপজেলার প্রতিটি ইউনিয়নে পুলিশের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বাগেরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মোরেলগঞ্জ থানা-পুলিশ উপজেলার মানুষের চলাচলের প্রতিটি রাস্তা নিরাপদ রাখার লক্ষ্যে কাজ করছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা পেলে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলেও জানান তিনি।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।