বরগুনার বেতাগীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিষিদ্ধ ও অবৈধ দেশীয় জাল জব্দ করে, আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এসব জাল জব্দ করা হয়।সোমবার (২৪ আগস্ট) বেতাগী উপজেলার বিভিন্ন নদী ও খালসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী ও খালে অবৈধভাবে মাছ শিকারের কাজে ব্যবহৃত বেশ কিছু নিষিদ্ধ দেশীয় জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনার বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদী-খাল ও জলাশয়ে অবৈধ জাল ব্যবহার করতে না পারে, সে জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জেলেদের মাছ ধরার ক্ষেত্রে প্রচলিত আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট মুহ: সাদ্দাম হোসেন বলেন, নিষিদ্ধ এসব জালের ফাঁস অত্যন্ত ছোট হওয়ায় মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির পোনা ও জলজ প্রাণীও আটকা পড়ে। এতে নদী-খালের মাছের প্রজনন ও স্বাভাবিক জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে মা মাছ ও বিভিন্ন প্রজাতির ছোট মাছ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধ করা জরুরি।