আমতলী পৌর প্রশাসকের উদ্যোগে পৌর শহরের চৌরাস্তা ও সরকারী কলেজের সামনের ১৪৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় পৌরসভা কর্তৃপক্ষ এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
জানাগেছে, আমতলী পৌর শহরের সহস্রাধীক ব্যক্তি অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছে। এতে মানুষ ও যানবাহন চলাচলে বিগ্ন সৃষ্টি হচ্ছে। নিবিঘ্নে মানুষ ও যানবাহন চলাচল করতে রবিবার আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। রবিবার সন্ধ্যায় পৌর প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে পৌরসভা কর্তৃপক্ষ ১৪৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
ভুক্তভোগী শহিদুল চৌকিদার, শাহ আলম, জাহাঙ্গীর হোসেন ও শহীদ কবিরাজ বলেন, আমাদের নোটিশ না দিয়েই পৌরসভা কর্তৃপক্ষ স্থাপনা ভেঙ্গে ফেলেছে। এতে আমাদের মালামাল নিয়ে সমস্যায় পরতে হয়েছে।
আমতলী পৌরসভা প্রশানিক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ বলেন, ১৪৫টি অবৈধ স্থাপনা অপসারণে নোটিশ করা হয়েছে। কিন্তু দখলবাজরা অবৈধ স্থাপনা অপসারণ করেনি, তাই ভেঙ্গে ফেলা হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান বলেন, মানুষ ও যানবাহন নির্বিঘ্নে চলাচল করতেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।