বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। সোমবার বিকেল ৪টায় ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৮টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় সান্তাহার ইউনিয়ন পরিষদ ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ দল মুখোমুখি হয়।
আজকের খেলায় ২-০ গোলের ব্যবধানে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ জয়লাভ করেছে। টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। পরে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, থানার পরিদর্শক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন এবং উপজেলা ক্রীড়া সম্পাদক শাহিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
খেলাটি পরিচালনা করেন স্বপন, রাকিবুল ও শাকিল হোসেন। টুর্নামেন্টের উদ্বোধনকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।