“করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দুর্বার তারুণ্য’। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নান্দাইল চৌরাস্তা এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।
অভিযান চলাকালে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা নান্দাইল চৌরাস্তার গোলচত্বর, সড়কের পাশ ও বিভিন্ন জনসমাগমস্থলে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি সাধারণ মানুষকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করেন।
আয়োজকরা জানান, পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে তরুণ সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে ব্যক্তি, পরিবার ও সামাজিক সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে নান্দাইলকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব।
তারা আরও বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধু এক দিনের কর্মসূচি নয়; এটি সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
‘দুর্বার তারুণ্য’র এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা। পরিচ্ছন্ন নান্দাইল গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তারা।