শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে অনুমোদনহীন ৩ তলা ভবন! নির্মাণ বন্ধ ও অনুমোদনপত্র জমা দেয়ার নির্দেশ রাজউকের আদমদীঘি বিদ্যাবীথি মডেল স্কুলের বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণী আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার, ২৩ অক্টোবর মুখোমুখি দুই প্রশাসক আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতে ডিআইজির নির্দেশনা ১৯ বছর পর চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরি, কমবে বরিশাল-মোংলা যোগাযোগের দূরত্ব মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহমুদা খানমকে বিদায়ী সংবর্ধনা প্রবাসীদের যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা

১৯ বছর পর চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরি, কমবে বরিশাল-মোংলা যোগাযোগের দূরত্ব

মোঃনাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৯ বছর পর আবারও চালু হতে যাচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী ও পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার কলারণ ফেরিঘাট। বলেশ্বর নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগ সহজ করতে ১৮ কোটি টাকা ব্যয়ে সন্ন্যাসী ফেরিঘাট থেকে পল্লীমঙ্গল বাজার পর্যন্ত সাত কিলোমিটার সড়ক উন্নয়ন ও ফেরিঘাটের বেইলি সেতু নির্মাণকাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বরিশাল বিভাগের সঙ্গে মোংলা বন্দরের সড়ক যোগাযোগের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার কমে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নির্মাণাধীন সড়ক ও ফেরিঘাটের বেইলি সেতুর কাজ পরিদর্শন করেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। এ সময় সড়ক ও জনপথ বিভাগের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, ঠিকাদার এস এম মো. বদিউজ্জামান খোকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, অধ্যাপক শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৭ সাল পর্যন্ত সন্ন্যাসী-কলারণ নৌপথে ফেরি চলাচল করত। ঘূর্ণিঝড় সিডরের সময় ফেরিটি ডুবে যাওয়ার পর থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে ফেরি চালু না হওয়ায় দুই পাড়ের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি সন্ন্যাসী থেকে পল্লীমঙ্গল পর্যন্ত সড়কটির অবস্থাও দীর্ঘদিন ধরে বেহাল ছিল।

স্থানীয় বাসিন্দা রকিবুল ইসলাম বলেন, “পল্লীমঙ্গল থেকে সন্ন্যাসী পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। সাধারণ মানুষের চলাচলে অনেক কষ্ট হতো। এখন নতুন করে কাজ শুরু হয়েছে। সড়ক ও ফেরিঘাট চালু হলে আমাদের ভোগান্তি অনেক কমবে। আমরা চাই, দ্রুত কাজ শেষ হোক।”

সন্ন্যাসী বাজারের ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, ফেরি চালু হলে পিরোজপুর, নাজিরপুর ও বরিশালের সঙ্গে বাগেরহাটের মোরেলগঞ্জ, শরণখোলা এবং মোংলার যোগাযোগ আরও সহজ হবে। এতে পণ্য পরিবহনের সময় ও খরচ কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

সড়ক ও জনপথ বিভাগের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, “আশা করছি, ছয় মাসের মধ্যে সড়ক ও ফেরিঘাটের সব কাজ সম্পন্ন হবে। নির্মাণকাজ শেষ হলে এবং ফেরি চালু হলে বাগেরহাটের সঙ্গে বরিশাল বিভাগের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।”

সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেন, ২০০৭ সাল পর্যন্ত এ নৌপথে ফেরি চলাচল করত। ঘূর্ণিঝড় সিডরের সময় ফেরিটি ডুবে যাওয়ার পর আর তা চালু হয়নি। দীর্ঘদিন সড়কটিরও উন্নয়ন হয়নি। দ্রুত সময়ের মধ্যে সড়ক ও ফেরি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে এলাকার মানুষের যাতায়াত, পণ্য পরিবহন ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সাত কিলোমিটার সড়ক ও ফেরিঘাটের নির্মাণকাজ সম্পন্ন হলে মোরেলগঞ্জসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে বরিশাল বিভাগের সঙ্গে মোংলা বন্দরের যোগাযোগ সহজ হওয়ায় দক্ষিণাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হতে পারে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..