শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে আয়োজক ও দর্শনার্থীদের জন্য পাঁচটি বিষয়ে পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।
এর মধ্যে রয়েছে গুজব থেকে সতর্ক থাকা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বিসর্জনে নির্ধারিত রুট অনুসরণ ও জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করা।
বুধবার (১৪ অক্টোবর) বিকালে বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেয়া হয়।
পুলিশের পরামর্শে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো ঘটনার সত্যতা যাচাই না করে বিভ্রান্তি ছড়ানো যাবে না। যাচাই ছাড়া কোনো তথ্য লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও বিরত থাকতে হবে।
পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা রাখার পরামর্শ দেয়া হয়েছে। মণ্ডপে ব্যাগ, থলে বা পোঁটলা নিয়ে প্রবেশ না করার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপনের কথা বলেছে পুলিশ।
গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট স্থাপন, মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং প্রয়োজনে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখার পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া মণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ এবং তাদের সহজে শনাক্ত করার জন্য আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড ব্যবহারের কথা বলা হয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান জানিয়েছে পুলিশ। আজান ও নামাজের সময় মসজিদসংলগ্ন পূজামণ্ডপে এবং প্রতিমা বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে বলা হয়েছে।