সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

ঢাকায় ডাচেস অব এডিনবার্গ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি----------------------------ছবি : সংগৃহীত

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। সফরকালে রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

সোমবার (০৯ নভেম্বর) থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ডাচেস সোফি।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতরের (এফসিডিও) আমন্ত্রণে এ সফরে এসেছেন তিনি।

সফরের অংশ হিসেবে রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে তাকে স্বাগত জানাবেন ডা. জুবাইদা রহমান। তাদের বৈঠকে নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়নসহ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরকালে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও অংশীদারত্বের বিভিন্ন দিক তুলে ধরতে কাজ করা জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন ডাচেস সোফি।

এ ছাড়া বাংলাদেশের রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনে কক্সবাজার যাবেন তিনি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখবেন।

বিশেষ করে বাস্তুচ্যুত নারী, কন্যাশিশু ও পরিবারগুলোর জন্য পরিচালিত সুরক্ষা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন ডাচেস। পাশাপাশি শরণার্থী জনগোষ্ঠীর মধ্যে নেতৃত্বের বিকাশ, সহনশীলতা, পুনর্বাসন এবং অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করতে নেওয়া উদ্যোগগুলোও পর্যবেক্ষণ করবেন তিনি।

বাস্তুচ্যুতির মতো কঠিন পরিস্থিতিতেও নারী ও শিশুরা কীভাবে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ পাচ্ছে, সে বিষয়েও খোঁজ নেবেন সোফি।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক জোরদার, মানবিক সংকট মোকাবিলা এবং বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার অংশ হিসেবে আন্তর্জাতিক সফর চালিয়ে যাচ্ছেন ডাচেস অব এডিনবার্গ। বাংলাদেশ সফরও তার সেই কর্মসূচির অংশ।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিলেন ডাচেস অব এডিনবার্গ সোফি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..