রাজধানী ঢাকায় সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু করে শাহবাগ, ক্যান্টনমেন্ট, পল্লবী, খিলক্ষেত, উত্তরা, মিরপুর ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ছাড়া ভাটারায় একটি স্কুলবাসে আগুন দেওয়া এবং একটি প্রাইভেটকার লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে।সংবাদ সংগ্রহ
প্রতিবেদকের পাঠানো তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা থেকে এক ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর, সিনেট ভবনের সামনে, মধুর ক্যানটিনের সামনে এবং জগন্নাথ হলের কাছাকাছি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রদলের বিজয় একাত্তর হল শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান জানান, প্রথমে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানের দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। কিছুক্ষণ পর মেট্রোরেল স্টেশনসংলগ্ন টিএসসি গেটে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কয়েকজনকে দ্রুত পালিয়ে যেতে দেখে তাদের ধাওয়া করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সেখান থেকে দুজনকে আটক করা হয়। এ ছাড়া জগন্নাথ হলের সামনে থেকে আরও একজনকে আটক করা হয়।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই সিআইডি কার্যালয়ের সামনে বীর উত্তম শামসুল আলম সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ বলেন, সিআইডি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ আহত হয়নি। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
রাত সোয়া ৮টার দিকে দুর্বৃত্তরা পল্লবী থানার ভেতরে একটি ককটেল নিক্ষেপ করে। ওই সময় বিকট শব্দে থানার গেটের ভেতরে সেটি বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।সংবাদ সংগ্রহ
এদিকে রাত ১০টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরে রাত ১২টা ২০ মিনিটের দিকে কমলাপুর রেলওয়ে থানার (ওসি) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে রাত ১০টার দিকে যাত্রাবাড়ী মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ হয়। ককটেলের বিকট শব্দে আশপাশে থাকা মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। একই সময়ে দারুস সালাম ট্রাফিক জোন অফিসের সামনে হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে পৃথক দুই ককটেল বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ ছাড়া রাজধানীর ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, রাত সাড়ে ১০টার পর বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা সেখান থেকে ধোঁয়া উড়তে দেখেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।সংবাদ সংগ্রহ
অন্যদিকে রাত পৌনে ১২টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পূর্ব থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মামুন। তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে দুর্বৃত্তরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়েছেন-এমন কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় জয় বাংলা স্লোগান দিয়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এর আগে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারা থানার ১০০ ফিট এলাকার অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এ ছাড়া মিরপুরে একটি প্রাইভেটকার লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের খবরও পাওয়া গেছে।
এ ছাড়া তেজগাঁওয়ে সাউথইস্ট ইউনিভার্সিটির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ১টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।সংবাদ সংগ্রহ
রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ, মিরপুরের সনি হলের সামনে, শেরেবাংলা নগর ও উত্তরা পূর্ব থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে, শেরেবাংলা নগরের পান্থপথে এবং খিলক্ষেত থানার পাশে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
রোববার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মাটিকাটা এলাকায় ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার জাহান। তিনি জানান, রাত আনুমানিক ১২টা থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে মাটিকাটা এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।সংবাদ সংগ্রহ
এ ছাড়া খিলক্ষেত থানার পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ২টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সোহেল আহমেদ। তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে খিলক্ষেত থেকে বিমানবন্দর অভিমুখে যাওয়ার পথে থানার কাছেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পায়নি পুলিশ।