নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরেই সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী কর্মসূচির পরও বিশ্রামে না গিয়ে সন্ধ্যায় গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের উপস্থিতি নিশ্চিত করেন। এরপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ সম্পন্ন করেন তিনি।
এর আগে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে সকাল সাড়ে ৮টায় বাসা থেকে বের হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন তিনি। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।
স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।
এ সময় সেনাবাহিনী প্রধানকে পাশে বসিয়ে নিজেই আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালান তারেক রহমান। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
বিশেষ এই যৌথ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
দিনব্যাপী মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। এরপর বাসায় না গিয়ে সরাসরি সচিবালয়ে গিয়ে দাপ্তরিক কাজে যোগ দেন তিনি। সন্ধ্যার পরও সেখানে সরকারি কার্যক্রম পরিচালনা করেন প্রধানমন্ত্রী।