আসন্ন রমজান উপলক্ষে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। মঙ্গলবার (২৪ নভেম্বর) জারি করা এ প্রজ্ঞাপনে খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সুবিধা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আপেল ও মাল্টা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক ২০ শতাংশ রেখে বাকি শুল্ক-কর প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করা করের মধ্যে আগাম করও রয়েছে।
এর আগে গত ১৫ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে রমজান উপলক্ষে এসব পণ্য আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ওইদিন মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হবে।
এ ছাড়া ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অরেঞ্জ বা মাল্টা (এইচএস কোড ০৮০৫১০৯০) এবং আপেল (এইচএস কোড ০৮০৮১০৯০) আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্তের এক সপ্তাহ পর মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করল অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।