অভিনেতা সোহেল খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ছোট পর্দার অভিনেতা সোহেল খান মারা গেছেন। বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সোহেল খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।
এমডি ইকবাল বলেন, অন্য দিনের মতো মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে নাশতা করেন সোহেল খান। এরপর বিশ্রাম নিতে নিজের কক্ষে যান। পরে শুটিংয়ের প্রস্তুতি হিসেবে মেকআপও নিয়েছিলেন তিনি।
একপর্যায়ে হোটেলকক্ষে তাঁকে ডাকতে গিয়ে ইউনিটের এক সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমডি ইকবাল বলেন, একজন সুস্থ মানুষকে এভাবে চোখের সামনে হারানো কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা। সোহেল খানের মৃত্যুতে পুরো ‘নসীব’ টিম শোকাহত।
অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।