গণগ্রন্থাগার অধিদপ্তরের ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) পটুয়াখালী পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনের মাধ্যমে বিদ্রোহী কবির জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাবা শামসুর নাহার।
সাংস্কৃতিক পর্বে বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সারা মনি কবিতা আবৃত্তিতে অংশ নিয়ে উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ান। এছাড়াও অন্যান্য শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশন করে নজরুলের সাহিত্য ও সংগীতের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবিই নন, তিনি সাম্য, মানবতা ও সম্প্রীতির এক অনন্য প্রতীক। নতুন প্রজন্মের মধ্যে নজরুল চর্চা ও পাঠাভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সাহিত্য, সংস্কৃতি ও বইপড়ার আগ্রহ বৃদ্ধির পাশাপাশি জাতীয় কবির আদর্শ ও সৃষ্টিকর্ম সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা জানান।