বরগুনার বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে জলবায়ু পরিবর্তনে, সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি পালন করা হয়।
সোমবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহীন। এই কর্মসূচি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম হাওলাদার, সবুজ সোনার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বাবলু, স্বেচ্ছাসেবী সংগঠন হোপকেয়ার’র সভাপতি লায়ন মো. শামীম সিকদার, গভর্নিং বডির সদস্য মোঃ ফজলুর রহমান বাবুল খান ও বেতাগী নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মহসীন খান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানো এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগে পূর্বপ্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।