সাধারণ মানুষের আস্থার ঠিকানা রূপগঞ্জ ইউএন সাইফুল ইসলাম জয়। গত দুই মাসে ১৫০ মাদক ব্যবসায়ী ও সেবনকারীরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে মাদক কারবারিদের যম হিসাবে পরিচিতি লাভ করেছেন ইউএনও সাইফুল ইসলাম জয়।
রূপগঞ্জের জনপদ মাদকের থাবায় ধ্বংসের দ্বারপ্রাস্তে এসে পৌঁছেছিল। যেখানে সন্ধ্যার পর ভয়ে ঘরের বাইরে যাওয়া যেত না। সেই রূপগঞ্জে আজ স্বস্তির সুবাতাস বইছে। আর এই পরিবর্তনের নেপথ্যে মূল কারিগর হিসেবে আবির্ভূত হয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় । সাহসী পদক্ষেপে বদলে যেতে শুরু করেছে পুরো উপজেলার চিত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএনও সাইফুল ইসলাম এলাকার মাদক কারবারি, ভূমিদস্যু এবং ভেজাল কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি জবরদখল করে আসছিল, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিয়েছেন। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে দেন কড়া হুঁশিয়ারি। অপরাধীদের উদ্দেশে ইউএনও সাইফুল ইসলামের হুশিয়ারি ছিল—অপরাধ করে রূপগঞ্জে একমুহূর্তের ছাড় পাওয়া যাবে না। তার এই আপসহীন অবস্থানের ফলে কোণঠাসা হয়ে পড়েছে স্থানীয় অপরাধ সিন্ডিকেট।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধেউপজেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুধু আইন প্রয়োগ করেই তিনি ক্ষান্ত হননি; মাদকবিরোধী জনসচেতনতা তৈরিতেও মাঠে নেমেছেন। তার এই ধারাবাহিক ও কঠোর অভিযানের কারণে রূপগঞ্জের অলিগলি থেকে মাদকের আস্তানাগুলো একে একে বন্ধ হতে শুরু করেছে।
একজন কঠোর ম্যাজিস্ট্রেটের রূপের বাইরেও ইউএনও সাইফুল ইসলামের অন্য একটি পরিচয় রয়েছে। তিনি এলাকার অসহায় মানুষের পরম বন্ধু। প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা হতদরিদ্র, অসুস্থ ও সহায়-সম্বলহীন মানুষ তার দপ্তরে এসে খালি হাতে ফেরেন না।
সরকারি তহবিলের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও তিনি অসংখ্য অসহায় পরিবারকে আর্থিক অনুদান, চিকিৎসা সহায়তা ও খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করে চলেছেন। প্রশাসনের শীতল দেওয়াল ভেঙে তিনি সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে গেছেন এক মানবিক সেবক হিসেবে।
সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রশাসনিক দুর্ভেদ্যতা এবং নানা অনিয়মের কারণে সাধারণ মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছিল, তা দূর করতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই কর্মকর্তা। দালালের দৌরাত্ম্যমুক্ত সেবা প্রদান এবং স্বচ্ছ প্রশাসনিক কার্যক্রমে আজ মুখরিত রূপগঞ্জ উপজেলা পরিষদ।
স্থানীয় সচেতন মহলের মতে, ইউএনও সাইফুল ইসলামের মতো এমন সৎ, কর্মবীর ও সাহসী কর্মকর্তারাই পারেন সমাজ থেকে সব অনিয়ম দূর করে একটি বাসযোগ্য ও সুন্দর জনপদ গড়ে তুলতে। রূপগঞ্জের এই সফল অভিযাত্রা এখন পুরো জেলার মানুষের মুখে মুখে আলোচিত।