বরগুনার বেতাগীতে ইয়াবা ও গাঁজা বিক্রির সময় পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে সোহেল খানসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে বেতাগী থানা উপ-পরিদর্শক মো. নজরুল ইসলামের নেতেৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করে। আটককৃতরা হলেন বেতাগী পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে সোহেল খান (৩৯), বেতাগী পৌরসভার ৮নং ওয়ার্ডের শাহজালাল মোল্লার পুত্র শাহজাদা মোল্লা (৩০), বেতাগী সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের কুদ্দুস সিকদারের পুত্র মোর্শেদ (১৮), বেতাগী সদর ইউনিয়নের দক্ষিণ বেতাগীর হিরু হাওলাদারের পুত্র সাইফুল ইসলাম (১৮), হোসনাবাদ ইউনিয়নের হানিফ খানের পুত্র বেলাল খান (৩৫) এবং বেতাগী শহরের খাড়াকান্দার জয়নাল হোসেনের পুত্র জহিরুল ইসলাম (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির সরঞ্জাম এবং একটি চাকু উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।
এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. হারুন-অর-রশীদ হাওলাদার বললেন, মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও ধারালো চাকুসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সমাজকে মাদকমূক্ত করতে বেতাগী থানা পুলিশের এমন কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, বেতাগী থানা পুলিশের এই মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে। এলাকার সচেতন মহল মনে করছেন, এমন নিখুঁত ও ধারাবাহিক অভিযান বজায় রেখে মাদক বিক্রেতা ও ডিলারদের আইনের আওতায় আনলে সমাজ থেকে দ্রুত মাদক নির্মূল করা সম্ভব হবে।