নেত্রকোনার দুর্গাপুরে কর্মরত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের নান্দাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) নান্দাইল উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ‘নান্দাইল উপজেলা সাংবাদিক সমাজ’-এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সাংবাদিক হান্নান আল আজাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, দৈনিক কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী, সিনিয়র সাংবাদিক জালাল মন্ডল, রাশেদ হাসান ও শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে এভাবে প্রকাশ্যে ও নির্মমভাবে গুলি করে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনা কেবল একজন সাংবাদিকের হত্যাকাণ্ড নয়, বরং তা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
বক্তারা আরও উল্লেখ করেন, সাংবাদিকেরা সমাজের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে সত্য প্রকাশ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দেওয়ার ঘটনা স্বাধীন গণমাধ্যমের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তাই আলিফ ফকির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।
সমাবেশ থেকে সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। মানববন্ধনে নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।