জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।
লিখিত পোস্টে তিনি জানান, দীর্ঘ ১১ মাস ধরে দলের অভ্যন্তরে মতাদর্শিক সংগ্রাম ও আলোচনা চালিয়ে যাওয়ার পরও এনসিপি তার প্রারম্ভিক মূল্যবোধ ও গণতান্ত্রিক ধারা থেকে সরে আসায় তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
পদত্যাগপত্রে তিনি মূলত চারটি সুনির্দিষ্ট কারণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক ভাবনার কথা তুলে ধরেছেন।
প্রথমত, সংস্কারের প্রশ্নে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট গঠনকে তিনি দলের অন্যতম প্রধান বিচ্যুতি হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, জামায়াত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও সংস্কারের প্রকৃত পরিপন্থী এবং তাদের সঙ্গে জোট করার কারণে এনসিপি উদার গণতান্ত্রিক জনগণের আস্থা হারিয়ে ফেলেছে।
দ্বিতীয়ত, ২০২৬ সালের নির্বাচনকে একটি পরিবর্তনকামী রাজনৈতিক আন্দোলনের রূপ না দিয়ে বড় দলের লেজুড়বৃত্তি করে নির্বাচনে অংশ নেওয়ায় দলটি অভ্যুত্থানোত্তর নতুন রাজনীতির সম্ভাবনাকে নিঃশেষ করেছে বলে তিনি মন্তব্য করেন।
তৃতীয়ত, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নারীদের অগ্রণী ভূমিকা, আত্মত্যাগ ও সম্মুখসারির লড়াইয়ের স্বীকৃতি না দিয়ে, বরং দলীয় কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণে তাদের ন্যায্য হিস্যা ও মর্যাদা অস্বীকার করার মধ্য দিয়ে এনসিপি একটি নারীবিরোধী ও রক্ষণশীল অবস্থান নিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
চতুর্থত, নির্ধারিত সময়ে কাউন্সিল আয়োজন না করে এবং পুনরায় আহ্বায়ক কমিটি পুনর্গঠনের মাধ্যমে দলটি পুরোনো রাজনৈতিক দলগুলোর মতো অভ্যন্তরীণ গণতন্ত্র ও জবাবদিহিতা এড়িয়ে চলার পথ বেছে নিয়েছে।
বর্তমান বিভাজনের রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে গণতন্ত্র, সার্বভৌমত্ব, নারীর সমান অংশগ্রহণ এবং জাতীয় স্বার্থভিত্তিক ঐক্যের রাজনীতি গড়ে তোলার নতুন প্রচেষ্টায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সামান্ত শারমিন।
মাদারীপুরে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় শিবচর উপজেলায় তাইজুল ইসলাম নামে এক জামায়াত নেতাকে দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইউসুফ হাওলাদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে তাইজুল ইসলামের নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর সন্ধ্যা থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতের মধ্যে ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপে ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাইজুল ইসলাম কোনো ইউনিটের সভাপতি নয়। তিনি দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ আসার পর তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
স্থানীয় মসজিদের ইমাম ও মাদ্রাসাশিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘কবিরাজি চিকিৎসার কথা বলে বাসায় এনে নারীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করেন তিনি। এ ধরনের অপরাধীদের শাস্তি হওয়া প্রয়োজন।’
এদিকে, নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তাইজুল ইসলাম দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যে নারীকে দেখা গেছে, তিনি তার স্ত্রী।
ঘটনা জানাজানির পর থেকে তাইজুল ইসলাম আত্মগোপনে থাকায় এ বিষয়ে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। ফোনেও তার বক্তব্য পাওয়া যায়নি।
জামায়াতে ইসলামীর শিবচর উপজেলা শাখার আমির মো. সরোয়ার হোসেন মৃধা বলেন, নিলখী ইউনিয়নের ওই এলাকাটি শিবচরের একটি দুর্গম অঞ্চল। তিনি এই দুর্গম এলাকায় (তাইজুল ইসলাম) দাওয়াত ও প্রচারণার কাজ করতেন। যেহেতু তিনি দায়িত্ব পালন করছিলেন, তাই স্থানীয়রা তাকে ইউনিয়নের সভাপতি হিসেবেই মনে করতেন। আগে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। স্থানীয়ভাবে মানুষ তাকে ভালো জানতেন। সম্প্রতি বিষয়টি জানার পর তাকে আমাদের সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মাদারীপুর জামায়াতের জেলা আমীর মাওলানা মোখলেছুর রহমান বলেন, অনৈতিক কর্মকাণ্ডের কোনো ছাড় নেই, সে যেই হোক। দল সঠিক সিদ্ধান্ত নিয়েছি এবং চূড়ান্ত সিদ্ধান্তটাও সঠিক নেওয়া হবে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রাকিবুল হাসান জানান, আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক মো. আবুল কালাম আজাদ প্রাণনাশের হুমকির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি আরও বলেন, এ বিষয়ে আপাতত পুলিশের কাছে আর কোনো নতুন তথ্য নেই।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া একটি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত একক প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার রাজধানীর নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিকতা শেষে তা বৈধ বলে ঘোষণা করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।
উক্ত আসনে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এলিজা জামান একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন। ঘোষিত তফসিলের নিয়ম অনুযায়ী আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য রয়েছে। এই নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরপরই তাঁকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করবে কমিশন।
এর আগে গত ১ অক্টোবর দলটির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ফলে আসনটি শূন্য হয়েছিল। রাজধানীর মিরপুর এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তাঁর নাম জড়িয়ে বিতর্ক সৃষ্টি হলে দলীয় প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তিনি সংসদ থেকে পদত্যাগ করেন।
জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে ৩০০টি আসনে সাধারণ নির্বাচনের মাধ্যমে আইনপ্রণেতারা নির্বাচিত হন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকে। প্রচলিত নির্বাচনী আইনের বিধান মোতাবেক সাধারণ নির্বাচনে দল বা জোটের প্রাপ্ত আসনের সংখ্যানুপাতিক হারে এই ৫০টি সংরক্ষিত আসন বণ্টিত হয়। বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি আনুপাতিক হারে ৩৬টি সংরক্ষিত নারী আসন লাভ করে, যার একটিতে পূর্বে মিষ্টিকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া এলিজা জামান বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।