আজ মঙ্গলবার শারদীয় দুর্গাপূজা-২০২৬ এর সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান নান্দাইল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলার এই নান্দনিক সম্প্রীতির ধারা বজায় রেখে সকলে মিলে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে হবে। শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতি যেন সমাজের সবার মাঝে ছড়িয়ে পড়ে, তিনি সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পূজার শেষ দিন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।