বরগুনার আমতলী পৌর শহরের বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও পৌরসভার মেয়র প্রার্থী মো. তুহিন মৃধা। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন। পাশাপাশি নিজের অর্থায়নে পৌর শহরের চারটি পূজামণ্ডপের কমিটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সঙ্গে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করেন।
তুহিন মৃধা আমতলী পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র মরহুম আবদুস ছত্তার মৃধার ছেলে। তিনি বাবার আদর্শ ও জনসেবার ধারাবাহিকতায় পৌরবাসীর সেবা করতে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানান।
তুহিন মৃধা জানান, ২০১১ সালেও তিনি বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী ছিলেন। এবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাঁকে সমর্থন দেবে বলে তিনি আশাবাদী। তিনি আমতলী পৌরসভাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করা এবং বেকারদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রত্যাশার কথা জানান। এ লক্ষ্যে তিনি পৌরবাসীর সমর্থন ও দোয়া কামনা করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তুহিন মৃধা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্যাপনের গুরুত্ব তুলে ধরেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মকবুল আহমেদ খান, উপজেলা কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট গাজী ইউসুফ, উপজেলা শ্রমিক দলের সভাপতি তারিকুল ইসলাম সোহাগ, সদর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফিরোজ খাঁন তাপস, মহিলা নেত্রী শাহনাজ পারভীন খুশি ও দিলরুবা রজনী।
এ ছাড়া উপস্থিত ছিলেন আমতলী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রহমান, সাধারণ সম্পাদক লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল আকন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমরান খানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।