সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

‎মির্জাগঞ্জে সুপারির খোল কুড়ানোকে কেন্দ্র করে ৭৫ বছরের বৃদ্ধসহ এক নারীর উপর হামলা!

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫৭৬৭ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে বাগানের সুপারির খোল কুড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ ও ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মোছা. মুক্তা বেগমের সঙ্গে একই বাড়ির লিটন খান ও তার লোকজনের জমিজমা নিয়ে পূর্ববিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৭ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বাগানের সুপারির খোল কুড়ানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
‎
‎অভিযোগে বলা হয়, একপর্যায়ে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে মুক্তা বেগম এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ২ ও ৩ নম্বর বিবাদী মাজেদা বেগম ও মোছা. বেগম তার বসতঘরের সামনে উঠানে গিয়ে চুলের মুঠি ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন।
‎
‎এ সময় মুক্তা বেগমকে রক্ষা করতে তার শ্বশুর বয়োবৃদ্ধ মো. কাঞ্চন আলী খান (৭৫) এগিয়ে এলে ১ ও ৪ নম্বর বিবাদী লিটন খান ও মজিদ খানের নেতৃত্বে তার ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এতে তার মাথা, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফুলা জখম হয়।
‎
‎পরে আহতদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত কাঞ্চন আলী খানকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
‎
‎এ বিষয়ে প্রধান অভিযুক্ত লিটন খান অভিযোগ অস্বীকার করে বলেন, “লাকড়ি নিয়ে মহিলাদের মধ্যে ঝগড়া হয়েছে। আমি কাউকে মারিনি। আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা।”
‎
‎মির্জাগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এএসআই আল-আমীন বলেন, “মারামারি হয়েছে মর্মে অভিযোগ পেয়েছি। আমি ইতোমধ্যে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত কাঞ্চনের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
‎
‎মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
‎
‎এদিকে ঘটনার পর অভিযুক্তদের হুমকিতে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..