সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
তৃণমূলের নেতৃত্ব পেরিয়ে কেন্দ্রীয় দায়িত্বে নিজাম উদ্দিন স্বাধীন পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি রুমী সম্পাদক রিমু মোরেলগঞ্জে বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধ, প্রধান শিক্ষককে অবরুদ্ধ করার অভিযোগ থানায় অভিযোগ, সালিশেও সমাধান নেই; এবার পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে কামাল আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় জন্মদিন উপলক্ষ্যে স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা গাজীপুরে শ্রমিক অসন্তোষে ছয় কারখানা বন্ধ ফুলেল শুভেচ্ছায় সান্তাহার পৌরসভার নবাগত প্রশাসককে বরণ আদালতের নির্দেশে কাঁঠালিয়ার শিকদারহাটে সরকারি খাস জমি দখলমুক্ত

মোরেলগঞ্জে বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধ, প্রধান শিক্ষককে অবরুদ্ধ করার অভিযোগ

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে বি.বি. আফছার আলী মাধ্যমিক বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামকে লোকজন নিয়ে অবরুদ্ধ করা এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত বি.বি. আফছার আলী মাধ্যমিক বিদ্যালয়টি ১ একর ৪৪ শতক জমির ওপর পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ের নিজস্ব জমিতে শিক্ষার্থীদের জন্য একটি ক্যান্টিন কক্ষ রয়েছে। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর একই এলাকার বাদুরতলা গ্রামের রুস্তুম আলী হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার ওই ক্যান্টিনের জায়গাটি নিজেদের পৈতৃক সম্পত্তি দাবি করে দখলে নেন। পরে কক্ষটি ভাড়া দিয়ে তিনি অর্থ আদায় করছেন বলেও অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের।

অভিযোগে আরও বলা হয়, রোববার ও সোমবার হাসিব হাওলাদার লোকজন নিয়ে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় ক্যান্টিন ভাড়া বাবদ পূর্বের দুই লাখ টাকা দাবি করেন তিনি। টাকা না দিলে প্রধান শিক্ষককে বেঁধে রেখে টাকা আদায়ের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। সোমবার লোকজন নিয়ে বিদ্যালয়ের সামনে অবস্থান করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ অবস্থায় প্রধান শিক্ষক বিষয়টি বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। একই সঙ্গে জমির মালিকানা-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়।

এ ঘটনায় প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হালিম, সহকারী শিক্ষক মাসুম হাওলাদারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, গত দুই দিন ধরে ওই যুবক লোকজন নিয়ে বিদ্যালয়ে এসে শিক্ষকদের হুমকি-ধমকি ও অশালীন ভাষায় কথা বলছেন। এমনকি বিদ্যালয় ছুটির পর প্রধান ফটকে প্রধান শিক্ষকের পথরোধ করে টাকা দাবি করা হয়েছে। এ ধরনের ঘটনায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

শিক্ষকরা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। তাঁরা দ্রুত বিরোধ নিষ্পত্তি এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

অন্যদিকে, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন হাসিব হাওলাদার। তিনি দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর পৈতৃক জমি বিদ্যালয়ের তৎকালীন সভাপতি দখলে রেখে ভাড়া দিয়েছিলেন। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তাঁরা নিজেদের জমি নিজেদের দখলে নিয়েছেন। আগে ক্যান্টিনের দোকানঘর ভাড়া দেওয়ার টাকা প্রধান শিক্ষকের কাছে দাবি করলেও কোনো সমাধান পাননি বলে জানান তিনি।

এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে শিক্ষার পরিবেশ বিনষ্ট করার অধিকার কারও নেই। বিষয়টি নিয়ে উভয় পক্ষকে ডাকা হয়েছে। তাঁদের কাগজপত্র পর্যালোচনা করে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..