ইতিহাস, ঐতিহ্য, লোকবিশ্বাস আর আধ্যাত্মিক আবহের অপূর্ব সম্মিলনে সমুজ্জ্বল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স। সময়ের প্রবাহমান স্রোতে কত জনপদ, কত স্থাপনা হারিয়ে গেছে বিস্মৃতির অতলে তার হিসাব কেউ রাখে না অথচ প্রায় আড়াইশ বছরের ঐতিহ্য বুকে ধারণ করে আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে এই পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স। এটি কেবল ইবাদতের পবিত্র স্থান নয় বরং কিশোরগঞ্জের ইতিহাস-ঐতিহ্য, জনমানসের বিশ্বাস, মানবিকতা এবং জনকল্যাণের এক অনন্য স্মারক।
বাংলার বার ভূঁইয়ার অন্যতম বীর ঈসা খাঁর স্মৃতিবিজড়িত কিশোরগঞ্জ ঐতিহ্য ও ইতিহাসে সমৃদ্ধ এক জনপদ। বাংলা সাহিত্যের মধ্যযুগীয় কবি দ্বিজ বংশীদাসের কন্যা চন্দ্রাবতীর শিবমন্দিরসহ অসংখ্য ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ এই হাওরবেষ্টিত জেলার গৌরবময় ঐতিহ্যের অন্যতম ধারক পাগলা মসজিদ। জেলা শহরের পশ্চিম হারুয়া এলাকার এককালের খরস্রোতা নরসুন্দা নদীর তীরে এর অবস্থান। অদূরেই রয়েছে গুরুদয়াল সরকারি কলেজ ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেলে হাসপাতাল। শহরের যে কোন প্রান্ত থেকে রিকসা কিংবা ইজিবাইকে সহজেই পৌঁছানো যায় এই ঐতিহাসিক স্থাপনায়।
স্থাপত্যের সৌন্দর্যে ঐতিহ্যের দীপ্তি:
পাগলা মসজিদের সুউচ্চ মিনার, সুপরিকল্পিত অবকাঠামো এবং নান্দনিক নির্মাণশৈলী দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। আধুনিক স্থাপত্যরীতির সঙ্গে ধর্মীয় আবহের সমন্বয়ে গড়ে ওঠা এই মসজিদ ইতিমধ্যে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও বিশেষ পরিচিতি লাভ করেছে। মসজিদের প্রধান নামাজকক্ষ, গম্বুজ ও মিনারের সমন্বিত অবয়বে ফুটে উঠেছে ধর্মীয় স্থাপত্যের সৌন্দর্য ও গাম্ভীর্য। সময়ের সাথে সাথে মসজিদের অবকাঠামো সম্প্রসারিত হয়েছে, বেড়েছে পরিসর ও পরিচিতি। এক সময়ের সীমিত পরিসরের ধর্মীয় স্থাপনা আজ পরিণত হয়েছে বিপুল সংখ্যক মানুষের সমাগমস্থলে। এর প্রতিটি ইট-পাথর যেন বহন করে চলেছে অতীতের স্মৃতি, লোককথার আবেশ এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত এক ঐতিহাসিক উত্তরাধিকার।
পাগলা মসজিদের জন্মকথা, ইতিহাস ও জনশ্রুতি:
পাগলা মসজিদের প্রতিষ্ঠা নিয়ে স্থানীয় জনমানসে প্রচলিত রয়েছে একাধিক কাহিনী। এসব কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে আধ্যাত্মিক সাধনা, ধর্মীয় অনুরাগ এবং অতীতের জমিদারি ইতিহাস। প্রচলিত জনশ্রুতি অনুসারে বাংলার বার ভূঁইয়ার অন্যতম ঈসা খাঁর পঞ্চম পুরুষ হয়বতগরের প্রতিষ্ঠাতা দেওয়ান হয়বত দাদ খানের দৌহিত্র দেওয়ান জিলকদর খান, যিনি জিলকদর পাগলা নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন আধ্যাত্মিক সাধক। হারুয়া ও বাকুয়াইল এলাকার মধ্যবর্তী নরসুন্দা নদীর বুকে জেগে ওঠা টিলাদৃশ স্থানে তিনি মাদুর বিছিয়ে ধ্যানমগ্ন হতেন এবং নামাজ আদায় করতেন। তাঁর সেই সাধনাঞ্চলে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের যাতায়াত ছিল বলে জনশ্রুতি রয়েছে। তাঁর মৃত্যুর পর সমাধির পাশে অবস্থিত উপাসনালয়টি ধীরে ধীরে মসজিদ হিসেবে ব্যবহৃত হতে থাকে। পরবর্তী সময়ে সাধক জিলকদর পাগলার নাম অনুসারেই এটি পাগলা মসজিদ নামে পরিচিতি লাভ করে। অন্য একটি স্থানীয় জনশ্রুতি অনুযায়ী হয়বতগরের জমিদার পরিবারের উত্তরসূরি জোলকরণ খানের স্ত্রী আয়েশা দাদ খান এই মসজিদের প্রতিষ্ঠাতা। নিঃসন্তান এই নারীকে স্থানীয় লোকজন পাগলা বিবি নামে ডাকতেন। কথিত আছে স্বপ্নে নির্দেশনা পেয়ে তিনি দেওয়ানবাড়ি থেকে কিছু দূরে নরসুন্দা নদীর তীরে মসজিদটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে প্রচলিত এসব কাহিনীর পূর্ণাঙ্গ ঐতিহাসিক সত্যতা নিরূপণে প্রামাণ্য দলিলের প্রয়োজন থাকলেও জনশ্রুতিগুলো মসজিদটির সাংস্কৃতিক ও লোকঐতিহ্যগত পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে।
আয়তন ও বর্তমান পরিচিতি:
এক সময় মাত্র ১০ শতাংশ জমির ওপর গড়ে ওঠা এই মসজিদ আজ বিস্তৃত পরিসরে দাঁড়িয়ে আছে। প্রচলিত তথ্য অনুযায়ী হয়বতগর দেওয়ান পরিবারের ওয়াকফকৃত জমির ওপর প্রতিষ্ঠিত এই মসজিদের বর্তমান পরিমাণ প্রায় ৩ একর ৮৭ শতাংশ। এর বর্তমান নাম পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স। তিনতলা বিশিষ্ট মসজিদ ভবনের ছাদে রয়েছে তিনটি গম্বুজ এবং পাঁচতলা ভবনের সমান উচ্চতার একটি সুউচ্চ মিনার। মসজিদের পাশেই রয়েছে সামাজিক কবরস্থান। পুরনো ঐতিহ্য ধারণ করে আধুনিক অবকাঠামোর সম্প্রসারণ মসজিদটিকে দিয়েছে স্বতন্ত্র পরিচয়। পাগলা মসজিদকে দৃষ্টিনন্দন আধুনিক কমপ্লেক্স হিসেবে নির্মাণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মসজিদ কমপ্লেক্স এবং কবরস্থানের মধ্যবর্তী ফাঁকা ৫৩.৭ শতাংশ জায়গা পাগলা মসজিদের নামে ক্রয় করা হয়েছে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের আগমনে সর্বদা মুখর:
পাগলা মসজিদকে ঘিরে মানুষের বিপুল পরিমাণ আগ্রহ ধর্মীয় গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিদিন বিভিন্ন বয়স, পেশা ও সামাজিক অবস্থানের মানুষ এখানে আসেন। কেউ নামাজ আদায় করেন, কেউ দান করেন কেউবা ঐতিহাসিক স্থাপনাটি দেখার আকর্ষণে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন দূর-দূরান্ত থেকে। স্থানীয় মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল এমনকি বিদেশ থেকেও বহু দর্শনার্থী এখানে আসেন। কেউ দান করেন অর্থ, কেউ স্বর্ণালংকার কেউবা ধর্মীয় সামগ্রী আবার কেউবা গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি। প্রতি শুক্রবার মুসল্লি ও দর্শনার্থীদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় বহুগুণ বেড়ে যায়। জুমার নামাজ আদায়ের পাশাপাশি অনেকেই মসজিদের ইতিহাস ও স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে আসেন। এখানে পুরুষের মত করে নারীদেরও নামাজ আদায়ের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। মানুষের এই নিরবচ্ছিন্ন আগমন পাগলা মসজিদকে শুধু একটি ধর্মীয় স্থাপনা হিসেবে নয় বরং বৃহত্তর জনসমাজের পরিচিত এক ঐতিহাসিক গন্তব্যে পরিণত করেছে।
লোকবিশ্বাস, মানত ও মানুষের প্রত্যাশা:
মানুষের জীবন নানান সংকট, দুঃখ-বেদনায় ও অনিশ্চতায় পরিপূর্ণ। অসুস্থতা, কর্মস্থানের অভাব, সন্তান লাভের আকাঙ্ক্ষা, শিক্ষায় সাফল্য, পারিবারিক সমস্যার সমাধান-জীবনের এমন শত শত সমস্যা ও প্রত্যাশাকে আশ্রয় ও প্রশান্তির সন্ধানে চালিত করে। সমস্যার মুক্তি ও প্রত্যাশার প্রাপ্তি বলে খ্যাতএই পাগলা মসজিদ। পাগলা মসজিদকে ঘিরে গড়ে উঠেছে এমন নানা লোকবিশ্বাস।
অনেকের ধারণা আন্তরিক নিয়তে এখানে দান করলে কিংবা আল্লাহর কাছে প্রার্থনা করলে তাদের মনের আশা পূরণ হতে পারে। কেউ রোগমুক্তির আশায়, কেউ চাকরি বা উচ্চশিক্ষায় সাফল্যের প্রত্যাশায়, কেউ বিবাহ কিংবা সন্তান লাভের আকাঙ্ক্ষায় এমনশত শত নিয়তে এখানে মানত করেন। আবার কেউ ছওয়াবের আশায় এখানে মানত করেন। যাদের আর্থিক সামর্থ্য সীমিত তাঁদের অনেকে মসজিদে এসে নফল নামাজ আদায় এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। নানান জনের ব্যক্তিগত অভিজ্ঞতা, সফলতা ও বিশ্বাসের নানান বর্ণনা মুখে মুখে ছড়িয়ে পড়ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ফেসবুক, ইউটিউব ও টিকটকারদের সুবাদে মসজিদটির পরিচিতি দ্রুত দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। তবে মানুষের ব্যক্তিগত বিশ্বাস ও প্রত্যাশাকে সম্মান করার পাশাপাশি মনে রাখা প্রয়োজন, কোনো মানত বা দানের বিনিময়ে নির্দিষ্ট ফল লাভের নিশ্চয়তা দেওয়া যায় না। ধর্মীয় অনুরাগের পাশাপাশি সচেতনতা, মানবিকতা এবং দায়িত্বশীল আচরণই হোক এই ঐতিহ্যের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।
দানবাক্সে জমে ওঠে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী:
পাগলা মসজিদের সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্যগুলোর একটি হলো দানবাক্সে জমা হওয়া বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী। খোঁজ নিয়ে জানা যায় মসজিদটিতে ১০টি স্থায়ী ও ৩টি অস্থায়ী মোট ১৩টি দানবাক্স রয়েছে। দেশ বিদেশের মানুষ এস দানবাক্সে দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার ও রূপার সামগ্রী দান করেন। তাছাড়া গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া ও অন্যান্য সামগ্রী দান করেন। এসব পশু-পাখি ও অন্যান্য সামগ্রী নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ মসজিদের একাউন্টে জমা রাখা হয়। দানবাক্স খোলা, অর্থ গণনা এবং হিসাব সংরক্ষণের প্রতিটি ধাপই বিপুল পরিমাণ সম্পদ ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১১ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। ওই সময় মসজিদের একাউন্টে জমাকৃত অর্থের পরিমাণ ছিল ১১৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৫২ টাকা। প্রাপ্ত এ তথ্যের সত্যতা সাংবাদিকদের সাথে প্রকাশ করেন জেলা প্রশাসক ও পাগলা মসজিদের সভাপতি সোহানা নাসরিন। পরবর্তীতে ২০২৬ সালের ২৭ জুন দানবাক্স খুলে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে নগদ অর্থের পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা হওয়া অর্থের পরিমাণ ছিল ২৪ লাখ ৭৬ হাজার ৬৮২ টাকা। এছাড়া পাওয়া যায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও রূপার সামগ্রী। উলেখিত হিসাব অনুযায়ী ২৭ জুন ২০২৬ পর্যন্ত মসজিদের হিসাবে জমাকৃত অর্থের পরিমাণ ছিল ১৩০ কোটি ২৮ লাখ ৬৪ হাজার ৩৫০ টাকা। স্বর্ণ, রূপা ও বৈদেশিক মুদ্রার মতো মূল্যবান সামগ্রী যথাযথ প্রক্রিয়ায় সিলগালা করে জেলা ট্রেজারিতে সংরক্ষণের কথা জানান জেলা প্রশাসক ও পাগলা মসজিদের সভাপতি সোহানা নাসরিন। এই বিপুল অর্থপ্রাপ্তি পাগলা মসজিদকে দেশের আলোচিত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অন্যতম করে তুলেছে। একই সঙ্গে এত বড় অঙ্কের অর্থের স্বচ্ছ হিসাব, নিরাপদ সংরক্ষণ এবং যথাক্রমে ব্যবহারের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে বহুগুণ। তবে পাগলা মসজিদে দানের বিষয়ে আলেমদের মধ্যে রয়েছে মিশ্র মতামত। কেউ বলেন মসজিদে দান করা নেকির কাজ, তবে শুধুমাত্র এই মসজিদে দান করলেই মনোবাসনা পূর্ণ হবে এমন ধারণা ইসলাম ধর্মের বিরোধপূর্ণ কথা। অবশ্য অনেকেই বলে এমন ধারণা বিশ্বাস শরীয়ত বিরোধী এবং কু-সংস্কার। তাদের মতে দানের নিয়ত বিশুদ্ধ হওয়া উচিত এবং দান হওয়া উচিত কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।
পরিচালনা ও ব্যবস্থাপনায় প্রশাসনিক তত্ত্বাবধান:
প্রতিষ্ঠার প্রথম দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে পাগলা মসজিদ পরিচালিত হতো। সে সময় আয়-ব্যয়ের পরিধি ছিল তুলনামূলকভাবে সীমিত। মসজিদের অবকাঠামো রক্ষণাবেক্ষণ, ইমাম, খতিব, মুয়াজ্জিন ও ধর্মীয় দায়িত্ব পালনকারীদের বেতন ভাতা প্রদানই ছিল ব্যয়ের প্রধান ক্ষেত্র। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মসজিদের পরিচিতি এবং দানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বেড়েছে অবকাঠামগত চাহিদা এবং প্রশাসনিক দায়িত্ব। এসব বিবেচনায় ১৯৯৭ সাল থেকে ওয়াকফ ব্যবস্থাপনার আওতায় মসজিদটির পরিচালনা ও তদারকি করা হচ্ছে। প্রচলিত ব্যবস্থাপনা কাঠামো অনুযায়ী জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি দ্বারা মসজিদের কার্যক্রম তদারকি করা হচ্ছে। জেলা প্রশাসক সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া সদস্য হিসেবে আছেন ওয়াকফ বিভাগের প্রতিনিধি, মসজিদের খতিব, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। দানবাক্সে বিপুল পরিমাণ অর্থ জমা হওয়ায় হিসাব সংরক্ষণ, নিরীক্ষা, নিরাপত্তা এবং ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। জনসাধারণের দান জনকল্যাণে যথাযথভাবে ব্যয় হচ্ছে কিনা সে বিষয়ে জবাবদিহি নিশ্চিত করা হলে প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে বলে সুশীল সমাজ মনে করেন।
ঘরে বসেই অনলাইনে দানের সুযোগ:
প্রযুক্তির প্রসারের ফলে পাগলা মসজিদে দানের ক্ষেত্রেও যুক্ত হয়েছে এক নতুন মাত্রা। এক সময় দূর-দূরান্তের মানুষের পক্ষে সরাসরি এসে দান পৌঁছে দেওয়া একটা কষ্টসাধ্য ব্যাপার ছিল। বিদেশে অবস্থানরত অনেকের পক্ষে তা সহজ ছিল না। পাশাপাশি অনলাইনে দানের নামে প্রতারণার ঘটনাও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এসব সমস্যার মোকাবিলা এবং দাতাদের ভোগান্তি কমানোর উদ্দেশ্যে ২০২৬ সালের ৪ জুলাই পাগলা মসজিদের ডোনেশন ওয়েবসাইট www.paglamosque.org উদ্বোধন করা হয়। উদ্বোধনী কার্যক্রমে মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের সাবেক সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান বিকাশমান অনলাইন দান ব্যবস্থার সূচনা করেন। এ সময় বিকাশের মাধ্যমে তিনি ৫ হাজার ৪০০ টাকা অনলাইনে দানের মাধ্যমে উদ্বোধন করেন। অনলাইনে দানের ব্যবস্থা চালু হওয়ায় দূরবর্তী দাতাদের জন্য অর্থ পাঠানো সহজ হওয়ার পাশাপাশি দানের প্রক্রিয়ায় প্রযুক্তিনির্ভর স্বচ্ছতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার সুযোগ তৈরী হয়েছে।
দানের অর্থে ধর্মীয় ও সামাজিক কল্যাণ:
পাগলা মসজিদে সংগৃহীত অর্থের ব্যবহার কেবল মসজিদের নিজস্ব কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়। মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের পরিচালনা ব্যয় নির্বাহের পর অবশিষ্ট অর্থ ব্যাংক হিসাবে সংরক্ষণ করা হয়। এই অর্থ থেকে মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের আওতাধীন ১৩০ জন এতিম ও অসহায় ছাত্রের যাবতীয় খরচ বহন করা হয়। মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন, ইমাম, খতিব, মুয়াজ্জিন, শিক্ষক, কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হয়, ৩৫ জন কর্মচারী ও ১০ জন আনসারের খরচ প্রদান করা হয়। এছাড়া জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান প্রদান এবং অসহায় মানুষ ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তার ক্ষেত্রেও অর্থ ব্যয় করা হয়। একটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রকৃত মহিমা শুধু তার স্থাপত্যের উচ্চতায় কিংবা দানবাক্সে জমা হওয়া অর্থের পরিমাণে সীমাবদ্ধ থাকে না বরং মানুষের কল্যাণে সেই সম্পদের কতটুকু ব্যবহার নিশ্চিত করা যায় তার মধ্যেই নিহিত থাকে এর বৃহত্তর সার্থকতা। সে বিবেচনায় পাগলা মসজিদের দান যদি শিক্ষা, চিকিৎসা, অসহায় মানুষের পুনর্বাসন এবং মানবিক সহায়তায় আরও বিস্তৃত ভূমিকা রাখতে পারে তবেই এই ঐতিহ্য নতুন তাৎপর্যে সমৃদ্ধ হবে।
১৩০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা:
পাগলা মসজিদকে আধুনিক স্থাপত্য ও বৃহৎ পরিসরের ধর্মীয় কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী নতুন কমপ্লেক্স নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। প্রস্তাবিত স্থাপনা বাস্তবায়িত হলে একসঙ্গে প্রায় ৬০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে বলে মসজিদ কমিটির মাধ্যমে জানানো হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে মসজিদটির অবকাঠামগত সক্ষমতা বাড়বে এবং বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ব্যবস্থাপনা সহজ হবে। পাশাপাশি স্থাপত্যের নান্দনিকতা, চলাচলের সুবিধা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং নারী পুরুষের জন্য যথাযথ ইবাদত সুবিধা নিশ্চিত করা করা হবে। তবে এত বড় প্রকল্প বাস্তবায়নে পরিকল্পিত নির্মাণ, ব্যয়ের স্বচ্ছতা, মানসম্মত কাজ এবং ঐতিহাসিক পরিবেশের প্রতি শ্রদ্ধা বজায় রাখা খুব প্রয়োজন। আধুনিকতার বিকাশ যেন অতীতের ঐতিহ্যকে আড়াল না করে বরং তার সৌন্দর্য ও মর্যাদাকে আরও উজ্জ্বল করে তোলার দিকেও নজর দেওয়া খুব জরুরি।
ঐতিহ্য থেকে মানবকল্যাণের অনুপ্রেরণা:
পাগলা মসজিদ কিশোরগঞ্জের গর্ব, বাংলাদেশের ধর্মীয় ঐতিহ্যের এক আলোচিত নিদর্শন। মসজিদটির ইতিহাসে যেমন রয়েছে লোককথার রহস্যময় আবহ, তেমনি বর্তমান বাস্তবতায় রয়েছে মানুষের ধর্মীয় অনুরাগ, দানের সংস্কৃতি ও সামাজিক কল্যাণের সম্ভাবনা। নরসুন্দা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক স্থাপনা যেন নীরবে স্মরণ করিয়ে দেয় ঐতিহ্য কেবল অতীতের স্মৃতিচিহ্ন নয়, বর্তমানের দায়িত্ব এবং ভবিষ্যতের জন্য রেখে যাওয়া মূল্যবান উত্তরাধিকার। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের ভালোবাসা, বিশ্বাস ও সহযোগিতায় সমৃদ্ধ পাগলা মসজিদের ঐতিহ্য তাই যথাযথ সংরক্ষণ ও মানবকল্যাণের মধ্য দিয়ে আরও বিকশিত হোক। কিশোরগঞ্জের ঐতিহ্যের পাতায় পাগলা মসজিদ শুধু একটি মসজিদের নাম নয়, এটি মানুষের বিশ্বাস, দানের মহিমা, ঐতিহ্যের ধারাবাহিকতা এবং মানবিকতার সম্ভাবনাকে একসূত্রে গেঁথে রাখা এক অনন্য স্মারক।
নূর সালাম খান
কলামিস্ট, ব্যাংকার, সিনিয়র সহ সভাপতি, তাড়াইল কেন্দ্রীয় প্রেস ক্লাব।