বরগুনার আমতলীতে পুলিশ কর্মকর্তাকে হুমকি, সামাজিক যোগাযোগমাধ্যমে শান্ত আমতলীকে অশান্ত করার ঘোষণা এবং সর্বশেষ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে (এলজিইডি) অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরপর এসব ঘটনায় সরকারি স্থাপনার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে অবস্থিত এলজিইডি কার্যালয়ের হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে একটি চেয়ারের তোয়ালের কিছু অংশ পুড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পায় সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সরঞ্জাম।
এ ঘটনার আগে গত ১১ নভেম্বর আমতলী থানায় দায়িত্ব পালনকালে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শান্ত আমলীকে অশান্ত করার ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দেন আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত রাহাত মৃধা।
তবে পুলিশ কর্মকর্তাকে হুমকি দেওয়ার ঘটনা, ফেসবুক পোস্ট এবং এলজিইডি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা হিসাব শাখার পেছনের জানালার লক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে কক্ষের চেয়ার ও টেবিলের ওপর কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে একটি চেয়ারে থাকা তোয়ালের কিছু অংশ পুড়ে যায়। তবে টেবিলের ওপর মোটা কাচ থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় কার্যালয়টি।
ঘটনার সময় কার্যালয়ের নাইটগার্ড ফজলুর রহমান পাশের প্রকৌশলীর কক্ষে ঘুমিয়ে ছিলেন। রোববার (১৫ নভেম্বর) সকালে হিসাব শাখার কক্ষ খুলে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান তিনি। পরে হিসাব শাখার দায়িত্বে থাকা মো. সাইদুর রহমানসহ অন্য কর্মকর্তাদের বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ সময় ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি খালি বোতল উদ্ধার করা হয়।
উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, ‘দুর্বৃত্তরা আমার দপ্তরের হিসাব শাখার পেছনের জানালা ভেঙে ভেতরে কেরোসিন ঢেলে আগুন দেয়। তবে ভাগ্যক্রমে আগুন নিভে যাওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।’
এদিকে সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান।
তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতার পুলিশ কর্মকর্তাকে হুমকি দেওয়ার বিষয়টি তিনি জেনেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি কার্যালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পাহারা জোরদারের বিষয়ে লিখিতভাবে চিঠি দেওয়া হয়েছে। এলজিইডি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এর আগে গত ১১ নভেম্বর দুপুরে আমতলী থানায় দায়িত্ব পালনকালে এএসআই আসাদকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে। ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে তাঁর ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে পুলিশ কর্মকর্তাকে অশালীন ভাষায় কথা বলার পাশাপাশি আমতলী শহরে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিতেও শোনা যায়।
এ ঘটনার পরদিন ১২ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন রাহাত মৃধা। সেখানে তিনি লেখেন, ‘শান্ত আমতলীকে অশান্ত করার জন্য আমার যা যা করণীয় তাই করতেছি। ওসি সাহেব পারলে আপনি ঠেকান।’ পোস্টে আমতলী থানা, বরগুনাকে ট্যাগও করেন তিনি। পরে পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়।
তবে কী উদ্দেশ্যে এবং কোন প্রেক্ষাপটে তিনি এমন বক্তব্য দিয়েছেন, তা স্পষ্ট নয়। এ বিষয়ে রাহাত মৃধার বক্তব্য পাওয়া যায়নি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পরপর এসব ঘটনায় আমতলীতে সরকারি স্থাপনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁরা সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টার পেছনে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী, তা নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।