কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এক প্রবাসীর বসতঘরে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ১০ লাখ ৫৫ হাজার টাকা এবং প্রায় ১ ভরি ৭ গ্রাম স্বর্ণালংকার চুরির অভিযোগ এনে তাড়াইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দিগদাইড় ইউনিয়নের সিংধা গ্রামের বাসিন্দা মো. খাইরুল ইসলাম (২৫), পিতা মো. দ্বীন ইসলাম, গত ২৪ জুলাই ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে নিজ বসতঘরে এ চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ করেন।
অভিযোগে তিনি একই গ্রামের আরিফ মিয়া, হৃদয় মিয়া, মন্তু মিয়া ও শামছু মিয়াকে অভিযুক্ত করেন। অভিযোগ অনুযায়ী, তিনি একজন প্রবাসী। বিদেশ থেকে দেশে ফেরার পর প্রতিবেশী হওয়ায় অভিযুক্তরা তার বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন এবং সেই সুযোগে ঘরে মূল্যবান জিনিসপত্র কোথায় রাখা হয় তা জেনে নেন।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার রাতে অভিযুক্তরা ঘরের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে একটি স্যুটকেসের ড্রয়ার ভেঙে সেখানে থাকা নগদ ১০ লাখ ৫৫ হাজার টাকা এবং আনুমানিক ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের প্রায় ১ ভরি ৭ গ্রাম স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
অভিযোগে বলা হয়েছে, চুরির সময় স্যুটকেসের কাচ ভেঙে শব্দ হলে খাইরুল ইসলামের মা রেজিয়া খাতুন ঘুম থেকে জেগে ওঠেন। তিনি ঘরের দিকে গিয়ে অভিযুক্তদের পালিয়ে যেতে দেখেন এবং বারান্দার আলোতে তাদের চিনতে পেরে চিৎকার করেন। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, বিষয়টি পরদিন সকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে তারা থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। পরে তিনি তাড়াইল থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাউকে বাড়ীতে পাওয়া যায়নি।
এ বিষয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন- অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।