ময়মনসিংহের নান্দাইল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত করতে অঙ্গীকার ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নান্দাইল উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নান্দাইল এডিপি (এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম), কো-অর্ডিনেশন অফিস, নর্দান বাংলাদেশ ক্লাস্টার ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত অঙ্গীকার অনুষ্ঠানে উপজেলার সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতা, অভিভাবক, শিক্ষার্থী, শিশু ও যুব ফোরামের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত সবাই নান্দাইল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান। শপথ শেষে নির্ধারিত অঙ্গীকারনামায় উপস্থিত ব্যক্তিরা স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাল্যবিবাহ থেকে মুক্ত হওয়া একজন শিশু, শিশুশ্রম থেকে মুক্ত হওয়া একজন এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া থেকে ফিরে আসা একজন—মোট তিনজন শিশু তাদের জীবনের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। তাদের বক্তব্যে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষাজীবন থেকে ঝরে পড়ার নেতিবাচক প্রভাব উঠে আসে।
সভাপতির বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নর্দান বাংলাদেশ ক্লাস্টারের ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ এবং শিশুদের শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখতে সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফাতেমা জান্নাত বলেন, বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। এসব সমস্যা মোকাবিলায় শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি তিনি মাদক নির্মূল ও শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানভীনা পারভীন, খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম রতন, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মো. আমিনুল হক, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল এবং নান্দাইল এডিপির ম্যানেজার সাগর জন কস্তা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নান্দাইল ঘাসফুল যুব ফোরামের সভাপতি নুসরাত জাহান সাথী। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক তোফায়েল হাসান রাকিব এবং সদস্য নাবিলা ফারজানা মৌটুসি ও রোকসানাসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নান্দাইল এডিপির প্রোগ্রাম অফিসার মানসী মোদক ও সুমা চৌধুরী, স্পন্সরশিপ ও চাইল্ড প্রটেকশন অফিসার সুমন কুবি, জুনিয়র প্রোগ্রাম অফিসার রওশন আনজুম নূরিনসহ এডিপির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।