সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার (০৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত বাংলাদেশিরা মদিনা থেকে একটি যানবাহনে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারী, শিশুসহ সাতজন প্রাণ হারান।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের সবাই আল আবির কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে কর্মসূত্রে সম্পৃক্ত পরিবারের সদস্য।
তাদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে। এছাড়াও ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী ছিলেন। মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যা সন্তানও রয়েছেন তাদের মধ্যে।
তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট সময়, স্থান, কারণ ও নিহতদের গ্রামের বাড়ি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। পরে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।
তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ, দেশটির গণমাধ্যম কিংবা রিয়াদে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।