বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লাকে বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
জেলা বিএনপির নেতাকর্মীরা জানান, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন নজরুল ইসলাম মোল্লা। বরগুনার রাজনীতিতে তার অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।
বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহীন বলেন, ‘জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরো ত্বরান্বিত করতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মো. নজরুল ইসলাম মোল্লাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন।’
এদিকে, তার নিয়োগের খবরে বরগুনা জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। দলটির নেতারা এ জন্য চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনা জেলার সার্বিক উন্নয়ন ও নাগরিক কল্যাণে কাজ করার চেষ্টা করবেন তিনি।