মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৩, একজনের কারাদণ্ড মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি সান্তাহার পৌরসভায় রাজস্ব আদায়ে কালেকশন বুথ উদ্বোধন করলেন প্রশাসক পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলায় বাড়ছে ক্রেতা-দর্শনার্থী, নতুন স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড নিক্ষেপের হুমকির অভিযোগ ১২ বছর পর আমতলীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন বেতাগীতে সরকারি দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে শিকল-তালা আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা সাবেক ৪ এমপির মৃত্যুতে সংসদে শোক

আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড নিক্ষেপের হুমকির অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলা তুলে না নিলে মামলার বাদী আফরোজা খানম পারুলকে এসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামি জসিম হাওলাদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় বাদী ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন তিনি। তবে এসিড নিক্ষেপের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জসিম হাওলাদার। উল্টো তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও তুলেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মামলার বাদী আফরোজা খানম পারুল। এ সময় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আফরোজা খানম পারুল জানান, উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী এলাকার শামসুল হক খলিফা তাঁর শ্বশুর। শ্বশুরের ২ একর ৪৮ শতাংশ জমি নিয়ে তাঁর ফুফু শাশুড়ি জয়নব বিবি ও তাঁর ওয়ারিশদের সঙ্গে বিরোধ চলছে। এ নিয়ে ২০১৬ সালে জয়নব বিবি ও তাঁর ওয়ারিশরা বরগুনা জজ আদালতে মামলা করেন। গত ৫ অক্টোবর ওই মামলার রায় হয়। রায়ের বিরুদ্ধে তাঁর ভাসুরের ছেলে সাইফুল খলিফা গত ১ নভেম্বর বরগুনা জজ আদালতে আপিল করেন। আদালত আপিলটি গ্রহণ করে আগামী বছরের ১০ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন বলে তিনি জানান।

আফরোজা পারুলের অভিযোগ, গত ৪ নভেম্বর শতাধিক লোক নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করেন জয়নব বিবির নাতি জসিম হাওলাদার। খবর পেয়ে আমতলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরটি অপসারণ করে এবং সেখানে নতুন করে ঘর নির্মাণ না করতে নিষেধ করে। কিন্তু পুলিশের নিষেধ অমান্য করে গত শুক্রবার জুমার নামাজ চলাকালে শতাধিক লোক নিয়ে আবারও ওই জমিতে ঘর নির্মাণ করা হয়।

এ ঘটনায় গত ৮ নভেম্বর আফরোজা খানম পারুল বাদী হয়ে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জসিম হাওলাদারকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

মামলা দায়েরের পর থেকেই জসিম হাওলাদার ও তাঁর সহযোগীরা মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন বলে অভিযোগ করেন আফরোজা পারুল। তিনি বলেন, মামলা তুলে নিতে রাজি না হওয়ায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের এসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে পরিবারের সদস্যরা আতঙ্কে ঘর থেকে বের হতে পারছেন না। ঘর থেকে বের হলে তাঁকে মেরে ফেলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনাটি ধামাচাপা দিতে গত ৯ নভেম্বর জসিম হাওলাদার তাঁর সহযোগী লতিফ মোল্লাকে বাদী করে তাঁকেসহ আটজনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন। ওই মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে এর সুষ্ঠু তদন্তেরও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সাইফুল খলিফা, সোবাহান খলিফা, মাসুদ রানা, আছিয়া বেগম, রাশিদা বেগম ও আয়শা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জসিম হাওলাদার বলেন, তিনি বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করেছেন, তবে কাউকে এসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়া বা হত্যার হুমকি দেননি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। এসিড নিক্ষেপ করে হত্যার হুমকির বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..