সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
থানায় অভিযোগ, সালিশেও সমাধান নেই; এবার পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে কামাল আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় জন্মদিন উপলক্ষ্যে স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা গাজীপুরে শ্রমিক অসন্তোষে ছয় কারখানা বন্ধ ফুলেল শুভেচ্ছায় সান্তাহার পৌরসভার নবাগত প্রশাসককে বরণ আদালতের নির্দেশে কাঁঠালিয়ার শিকদারহাটে সরকারি খাস জমি দখলমুক্ত পুলিশকে হুমকি, ফেসবুকে অশান্ত করার ঘোষণা, সরকারি দপ্তরে আগুনের চেষ্টা আড়াইহাজারে ১৯ বেসরকারি হাসপাতালের ১৫টিরই লাইসেন্স নবায়ন নেই, প্রসূতি মৃত্যুর অভিযোগ আড়াইশ বছরের ঐতিহ্যের স্মারক : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স

থানায় অভিযোগ, সালিশেও সমাধান নেই; এবার পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে কামাল

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

জমি কিনে দলিল ও দখল বুঝে নেওয়ার পরও নিজের সম্পত্তিতে ফিরতে পারছেন না কামাল তালুকদার। অভিযোগ, জমির পূর্ববর্তী মালিকের মৃত্যুর পর তাঁর মেয়ে শাহানা পারভীন ও জামাতা মহিবুল্লাহ লোকজন নিয়ে ওই জমি ও ঘর দখলে নেন। ঘরের তালা ভেঙে সেখানে বসবাস শুরু করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। শুধু দখল নয়, জমি ভোগ করতে হলে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি কামালের। বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি, মারধরের চেষ্টা এবং জমির তিনটি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। এ নিয়ে ২০২৪ সাল থেকে একাধিকবার থানায় অভিযোগ, স্থানীয়ভাবে সালিশ এবং সর্বশেষ আদালতে মামলা করেও এখন পর্যন্ত বিরোধের কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে নিজের কেনা জমি ও বসতঘর ফিরে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে কামাল ও তাঁর পরিবারের।

ঘটনাটি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের উমেদপুর মৌজার। বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে বি.এস. ১৭৭৬ নম্বর দাগের সাড়ে পাঁচ শতাংশ জমি। এ জমির মালিকানা ও দখল নিয়ে কামাল তালুকদার এবং মৃত শাহজাহান মিয়ার মেয়ে শাহানা পারভীন ও তাঁর স্বামী মহিবুল্লাহর মধ্যে বিরোধ চলছে।

অভিযোগ ও আদালতে দায়ের করা মামলার নথি অনুযায়ী, কামাল তালুকদার ২০২৪ সালে জমিটির পূর্ববর্তী মালিক শাহজাহান মিয়ার কাছ থেকে জমি কেনেন। খেপুপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে সম্পাদিত ৪১৮ নম্বর কবলা দলিলের মাধ্যমে ৫৫ শতাংশ নয়, ০.০৫৫০ একর অর্থাৎ সাড়ে পাঁচ শতাংশ জমি কেনার কথা উল্লেখ করেছেন তিনি। দলিলের পর বিক্রেতা তাঁকে জমির সীমানা বুঝিয়ে দেন এবং তিনি জমিতে থাকা ঘর ও গাছপালাসহ সম্পত্তির দখল নেন বলে দাবি তাঁর। এরপর ঘরে তালা দিয়ে জমিটি নিজের মালিকানায় ভোগদখলের প্রস্তুতি নেন।

কামালের ভাষ্য, জমি বিক্রির সময় শাহজাহান মিয়ার জামাতা মহিবুল্লাহও উপস্থিত ছিলেন। চিকিৎসার খরচের প্রয়োজনে শাহজাহান মিয়া তাঁর কাছে জমি বিক্রি করেছিলেন। জমি বুঝিয়ে দেওয়ার পর দীর্ঘদিন কোনো সমস্যা হয়নি। কিন্তু শাহজাহান মিয়ার মৃত্যুর পর তাঁর মেয়ে শাহানা ও জামাতা মহিবুল্লাহ ওই জমির মালিকানা দাবি করতে শুরু করেন।

কামালের অভিযোগ, ২০২৪ সালের ২১ মে দুপুরে মহিবুল্লাহসহ কয়েকজন তাঁর কেনা জমিতে থাকা ঘরে প্রবেশ করে দখলের চেষ্টা করেন। বাধা দিলে তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি কলাপাড়া থানায় লিখিত অভিযোগ করেন। পরবর্তী সময়ে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মহিবুল্লাহ, তাঁর স্ত্রী শাহানা পারভীন এবং অজ্ঞাতনামা কয়েকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বসবাসের ঘরে প্রবেশ করেন বলে আরেকটি অভিযোগে উল্লেখ করেন কামাল। তাঁকে ঘর ছেড়ে চলে যেতে বলা হয়। রাজি না হওয়ায় মারধরের উদ্দেশ্যে তেড়ে আসা এবং দুই দিনের মধ্যে ঘর না ছাড়লে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।

ওই অভিযোগে আরও বলা হয়, শাহানা পারভীন তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং নারী নির্যাতনের মামলা দিয়ে হয়রানির হুমকি দেন। স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে সালিশের উদ্যোগ নেওয়া হলেও বিবাদীরা তা মেনে নেননি বলে দাবি কামালের। এরপরও জমি নিয়ে বিরোধের অবসান হয়নি।

সর্বশেষ ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর সকালে বিরোধপূর্ণ জমিতে আবারও হামলা, চাঁদা দাবি ও গাছ কাটার অভিযোগ তুলে আদালতের শরণাপন্ন হন কামাল। কলাপাড়া উপজেলার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা সি.আর. মামলায় মহিবুল্লাহ, তাঁর স্ত্রী শাহানা পারভীন ও ছেলে তানভির ইসলামকে আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩৮৫, ৩৮৬, ৩৭৯, ৩৪ ও ৫০৬(১) ধারার উল্লেখ রয়েছে।

মামলার অভিযোগে কামাল বলেন, ঘটনার দিন আসামিরা রামদা, ছেনা, লাঠি, করাত, দা ও কুঠারসহ দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে করে তাঁর জমিতে আসেন। এ সময় শাহানা পারভীন জমিটি তাঁর বাবার সম্পত্তি এবং বাবার মৃত্যুর পর ওয়ারিশ হিসেবে তিনি এর মালিক বলে দাবি করেন। একপর্যায়ে মহিবুল্লাহ জমি ভোগদখল করতে হলে পাঁচ লাখ টাকা দিতে হবে বলে জানান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তানভির ইসলাম তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করেন কামাল। একই সময়ে অন্যরা জমিতে থাকা তিনটি মেহগনি গাছ কেটে নিয়ে যান। গাছগুলোর আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় জমি নিয়ে আর কোনো দাবি জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগকারীর দাবি।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ইউনুস আকন বলেন, কামাল তালুকদার শাহজাহান মিয়ার কাছ থেকে জমিটি কিনেছিলেন এবং কেনার পর দখলেও গিয়েছিলেন। তবে শাহজাহান মিয়া মারা যাওয়ার আগে তাঁর মেয়ের নামেও জমি লিখে দিয়েছিলেন বলে তিনি শুনেছেন। ইউনুসের দাবি, কামালের ঘরের তালা ভেঙে মহিবুল্লাহর লোকজন সেখানে বসবাস শুরু করেন। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করা হলে পুলিশ কয়েকবার ঘটনাস্থলে এলেও কোনো সমাধান হয়নি। তাঁর ভাষ্য, মহিবুল্লাহর পক্ষের লোকজন বেশি হওয়ায় তাঁরা জোর করে জমি ও ঘর দখলে রেখেছেন। আরও পাঁচ লাখ টাকা দিলে জায়গা ও ঘর ছেড়ে দেওয়া হবে বলেও তিনি শুনেছেন।

তবে অভিযোগ অস্বীকার না করে জমির মালিকানা নিয়েই নিজের অবস্থান তুলে ধরেছেন শাহানা পারভীন। তিনি বলেন, তাঁর বাবা শাহজাহান মিয়া ঘরটি ছেড়ে দেওয়ার আগেই তাঁকে সেখানে থাকার কথা বলেছিলেন। তাঁর দাবি, বাবা অসুস্থ অবস্থায় কলাপাড়ার বাসায় থাকাকালে সাব-রেজিস্ট্রার নিয়ে গোপনে দলিল করেছেন। ওই দলিলে বাবার স্বাক্ষর নেই এবং পরিবারের কাউকে সাক্ষীও রাখা হয়নি বলে তিনি দাবি করেন। শাহানা বলেন, কামাল দলিল করেছেন, তাঁর জমি থাকতে পারে; কিন্তু তিনি বাবার সম্পত্তি হিসেবে ওই বাড়ি দাবি করছেন। এটি তাঁর বাবার স্মৃতিবিজড়িত বাড়ি। জমি নিয়ে আদালতে মামলা চলছে। আদালতের রায়ে তিনি জমি পেলে নেবেন, আর না পেলে ছেড়ে দেবেন।

অন্যদিকে কামাল তালুকদারের দাবি, জমি কেনার সময় শাহজাহান মিয়া সুস্থ সিদ্ধান্তে দলিল সম্পাদন করেছেন এবং নিজেই তাঁকে জমি ও ঘর বুঝিয়ে দিয়েছেন। পরবর্তী সময়ে তাঁর মৃত্যুর পরই বিরোধের সূত্রপাত। ঘর দখলের পর তিনি থানায় সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে গেলেও দখল পরিস্থিতির পরিবর্তন হয়নি। সর্বশেষ গাছ কাটার সময় বাধা দিতে গেলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

এদিকে ২০২৪ সালের প্রথম অভিযোগ থেকে শুরু করে ২০২৫ সালের দ্বিতীয় অভিযোগ এবং ২০২৬ সালের আদালতের মামলা পর্যন্ত বিরোধটি গড়ালেও জমির দখল ও মালিকানা নিয়ে পক্ষগুলোর মধ্যে সমঝোতা হয়নি। স্থানীয় সালিশ ও পুলিশের কাছে অভিযোগের পরও স্থায়ী সমাধান না হওয়ায় বিষয়টি এখন আদালতের বিচারাধীন। একদিকে দলিলের ভিত্তিতে জমির মালিকানা ও দখল ফিরে পাওয়ার দাবি কামালের, অন্যদিকে বাবার সম্পত্তি হিসেবে জমির মালিকানা দাবি করছেন শাহানা পারভীন। ফলে বিরোধপূর্ণ জমি ও ঘর নিয়ে এলাকায় উত্তেজনা এবং নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

কামাল তালুকদার বলেন, “আমি বৈধভাবে জমি কিনেছি এবং বিক্রেতা আমাকে বুঝিয়ে দিয়েছেন। অথচ এখন নিজের জমিতে যেতে পারছি না। ঘর দখল করে রাখা হয়েছে, গাছ কেটে নেওয়া হয়েছে, উল্টো পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। আমি আমার কেনা জমি ও ঘর ফিরে পেতে চাই। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার চাই।”

জমির মালিকানা নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি দাবি থাকায় দলিল, খতিয়ান, নামজারি ও দখলসংক্রান্ত কাগজপত্র যাচাই করে বিরোধ নিষ্পত্তি জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি চাঁদা দাবি, গাছ কাটা, জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি উঠেছে। আদালতে বিচারাধীন মামলার নিষ্পত্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের মধ্য দিয়েই এ বিরোধের সুষ্ঠু সমাধান চান ভুক্তভোগী কামাল ও স্থানীয় বাসিন্দারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..