শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

পুরান ঢাকার অলিগলিতে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
উৎসবমুখর পরিবেশে শেষ হলো ঢাকা-৬ আসনের ভোটগ্রহণ----------------------------------- ছবি: সংগৃহীত

উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো ঢাকা-৬ আসনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল থেকেই পুরান ঢাকার অলিগলি আর ভোটকেন্দ্রগুলোতে ছিল ভোটারদের সরব উপস্থিতি। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ এবং সেন্ট গ্রেগরিজ হাই স্কুলের মতো কেন্দ্রগুলোতে দেখা গেছে উৎসবের আমেজ।

সকাল সাড়ে ৭টা বাজতেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে লাইনের শুরুতে থাকা এক মধ্যবয়সী ভোটার জানান, দিনের ব্যস্ততা ও ঝামেলা এড়াতেই তিনি আগেভাগে চলে এসেছেন। সকাল থেকেই রাজনৈতিক দলগুলোর পোলিং এজেন্টদের উপস্থিতি এবং প্রার্থীদের বসানো বুথগুলোতে কর্মীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। শুরুতে পরিবেশ কিছুটা নীরব থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়।

প্রবীণ ও নবীন ভোটাররা
ভোট দিয়ে তৃপ্তির হাসি নিয়ে বের হতে দেখা গেছে পুরান ঢাকার ব্যবসায়ী সিরাজ উদ্দিনকে। তিনি ফজরের নামাজ পড়ে বন্ধুদের নিয়ে কেন্দ্রে এসেছিলেন। অন্যদিকে, জীবনের প্রথম ভোট দিয়ে উচ্ছ্বসিত ছিলেন কবি নজরুল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ একরামুল হক নাবিল। বাবার হাত ধরে ভোট দিতে আসা এই তরুণের চোখে-মুখে ছিল আগামীর স্বপ্ন। অস্ট্রেলিয়া প্রবাসী শাহাবুদ্দিন আহমেদও দেশপ্রেমের টানে তিন মাস আগে দেশে এসে আজ সকালেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নারী ভোটারদেরও ভিড়
সকালে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। দুপুর ১২টায় যেখানে ভোটের হার ছিল ২৫ শতাংশ, বিকেল ৩টা নাগাদ তা বেড়ে দাঁড়ায় ৪০ শতাংশে। সেন্ট্রাল গার্লস হাই স্কুলেও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটের হার দ্রুত ৪৩ শতাংশে উন্নীত হয়।

প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ
ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেন। তবে তিনি প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখল ও ভোট কেনার চেষ্টার অভিযোগ আনেন।

অন্যদিকে, ১১ দলীয় জোট ও জামায়াত সমর্থিত প্রার্থী ড. আব্দুল মান্নান গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

দুই প্রার্থীকেই দুপুরে সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে দেখা যায়।

ভোট দিতে না পারার বেদনা
সবাই যখন উৎসবে মেতেছেন, তখন রিকশাচালক জহিরুল ইসলামের মনে ছিল কিছুটা বিষণ্নতা। ভোটারদের কেন্দ্রে পৌঁছে দিলেও আর্থিক সংকটের কারণে নিজ গ্রাম বরগুনায় গিয়ে ভোট দিতে পারেননি তিনি। এদিকে ভোটারদের যাতায়াতের সুবিধার্থে বিএনপি ও জামায়াত সমর্থিত কর্মীরা বিশেষ রিকশা সেবার ব্যবস্থা করেন। মূলত বয়স্ক ও নারী ভোটারদের কথা মাথায় রেখেই বিনামূল্যে এই যাতায়াতের সুযোগ দেওয়া হয়।

আড্ডা ও সৌহার্দ্যের চিত্র
ভোট শেষে ভোটারদের কেন্দ্র থেকে বের হয়েই পরিচিতদের সঙ্গে আড্ডায় মেতে উঠতে দেখা যায় লক্ষ্মীবাজারের প্রধান সড়কে। বছরের পর বছর দেখা না হওয়া পুরনো বন্ধুরা ভোটকেন্দ্রে এসে স্মৃতিরোমন্থন করেন। স্থানীয় ব্যবসায়ী রানা রহমান এবং অমিত রায়দের মতো অনেকেই ভোটের ফলাফল নিয়ে নিজেদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ করেন। সব মিলিয়ে পুরান ঢাকার অলিগলিতে আজ ছিল রাজনীতির চেয়েও বেশি সামাজিক মেলবন্ধনের এক অন্যরকম দিন।

বিকেলে সাড়ে চারটায় যখন ভোটগ্রহণ শেষ হয়। তখন কয়েকটি কেন্দ্রে ছিলো দীর্ঘ লাইন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ৭৬২ জন। প্রদানকৃত পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। অন্যদিকে সাধারণ ভোটগুলো সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা করা হবে।

এই আসনে এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীকে, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. ফখরুল ইসলাম ট্রাক প্রতীকে, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. আক্তার হোসেন হারিকেন প্রতীকে, গণফ্রন্টের প্রার্থী আহমেদ আলী শেখ মাছ প্রতীকে এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ইউনুস আলী আকন্দ ডাব প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচন ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..